প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৭:১৪ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪ ১৭:৫১ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিরছে আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা। সেই ধারাবাহিকতায় আগামী মাসের শেষদিকে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এখনও আনুষ্ঠানিক ঘোষণা না এলেও চূড়ান্ত হয়ে গেছে দ্বিপাক্ষিক এই সিরিজের সূচি। ইতোমধ্যে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই সিরিজ আয়োজনের জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে সবুজ সংকেত দিয়েছে।
প্রস্তাবিত সূচি অনুযায়ী, দুই দলের দ্বিপাক্ষিক লড়াই শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ২৫ জুলাই প্রথম ওয়ানডের পর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ২৭ ও ৩০ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে ২ আগস্ট শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ও ৬ আগস্ট। সিরিজের সবগুলো ম্যাচ হবে গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সে।
২০১৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও বিসিসিআই এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছিল। যেখানে দিল্লির খুব কাছে নয়ডার শহীদ বিজয় সিং পথিক স্পোর্টস কমপ্লেক্সকে আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করার কথা ছিল। এরপর লখনৌ ও গ্রেটার নয়ডায় আফগানরা হোম ম্যাচ খেলেছে। সেই ধারাবাহিকতায় ২০২০ সালের মার্চের পর এবারই প্রথম ভারতে হোম সিরিজ আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান।
আফগানিস্তান-বাংলাদেশ সিরিজের অনানুষ্ঠানিক সূচি-
১ম ওয়ানোডে- ২৫ জুলাই
২য় ওয়ানডে- ২৭ জুলাই
৩য় ওয়ানডে- ৩০ জুলাই
১ম টি-টোয়েন্টি- ২ আগস্ট
২য় টি-টোয়েন্টি- ৪ আগস্ট
৩য় টি-টোয়েন্টি- ৬ আগস্ট