টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৪ ১৩:১৭ পিএম
আপডেট : ২১ জুন ২০২৪ ১৪:০২ পিএম
সুপার এইটে অস্ট্রেলিয়ার জয়ের রাতে দারুণ কীর্তি করে দেখিয়েছেন প্যাট কামিন্স। নবম বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন তিনি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি করেছেন কামিন্স। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিকটি করেছিলেন ব্রেট লি। সব মিলিয়ে এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম হ্যাটট্রিক!
অ্যান্টিগায় আজ শুক্রবার বাংলাদেশের ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম ও ষষ্ট বলে মাহমুদউল্লাহ রিয়াদ ও শেখ মেহেদীর উইকেট তুলে নেন কামিন্স। এরপর ১৯তম ওভারের প্রথম বলে তাওহীদকে ফিরিয়ে হ্যাটট্রিক পূরণ করেন অস্ট্রেলিয়ার এই পেসার। ৪ ওভারে ২৯ রান খরচ করে তোলেন তিন উইকেট।
ম্যাচ শেষে নিজের হ্যাটট্রিক আনন্দ শেয়ার করেছেন ওয়ানডে দলের অধিনায়ক, 'ওই মুহুর্তে হ্যাটট্রিকের বিষয়টি খেয়ালে ছিল না। জায়ান্ট স্ক্রিনে দেখার পর বিষয়টা বোধগম্য হয়।'
কামিন্সের শেষ শিকার ছিলেন তাওহীদ হৃদয়। তিনি তখন উইকেটে সেট। ৪০ রানে ব্যাট করছিলেন। পুরস্কার বিতরণী মঞ্চে এই উইকেটকে গুরুত্বপূর্ণ বলছেন কামিন্স, 'সেট উইকেট ছিল। আর আমি মনে করি এটি বড় উইকেট আমার জন্য। আমি খুবই খুশি তাদের থামাতে পেরে। '