কোপা
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ জুন ২০২৪ ০৯:১৫ এএম
আপডেট : ২১ জুন ২০২৪ ১৪:০১ পিএম
শিরোপা ধরে রাখার মিশনে কোপায় জয় দিয়ে যাত্রা হলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। যুক্তরাষ্ট্রের আটলান্টায় আজ শুক্রবার কানাডার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২–০ গোলে জিতেছে আলবিসেলেস্তারা। সাদা-আকাশিদের হয়ে গোল ২টি করেন হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা লাউতারো মার্টিনেজ। এ ম্যাচটি দিয়ে টুর্নামেন্টে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মেসি। কোপায় এ নিয়ে ৩৫টি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এদিন শুরুতে কিছুটা দাপুটে মনোভাব প্রদর্শন করে কানাডা। বেশ কিছু সুযোগও তৈরি করে। যদিও শেষ হাসি হাসে আর্জেন্টিনা। তবে প্রথমার্ধে লিওনেল মেসিদের গোল করতে দেয়নি কানাডা। দুই দলই গোলশূন্য ব্যবধানে বিরতিতে যায়।
দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটে থ্রো ইন থেকে বক্সের মধ্যে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে পাস দেন মেসি। লিভারপুল তারকা কানাডার গোলকিপার ম্যাক্সিম ক্রেপিয়াও’র প্রতিরোধের মুখে পড়েন। তার আগেই ডানে অরক্ষিত থাকা আলভারেজের দিকে বল বাড়ান। সুযোগ পেয়ে দারুণ ফিনিশিংয়ে ডান পায়ের শটে জাল কাঁপান আলভারেজ। তাতেই আর্জেন্টিনার হয়ে টানা ১৩ ম্যাচের গোলখরা কাটান আলভারেজ।
পিছিয়ে পড়ে বেপরোয়া হয়ে ওঠে কানাডা। তবে ৮৮ মিনিটে লিড দ্বিগুণ করে আর্জেন্টিনা। এখানেও অবদান মেসির। এমএলটেনের থ্রু পাস থেকে বল ধরে গোল করেন লাওতারো মার্টিনেজ। তবে দ্বিতীয়ার্ধে ২টি পরিষ্কার গোলের সুযোগ নষ্ট করেছেন মেসি। শেষ বাঁশির আগে আর কোনো গোলের দেখা মেলেনি। আর জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।