টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৪ ১১:৩৮ এএম
আপডেট : ১৮ জুন ২০২৪ ১১:৪২ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর কয়েক সপ্তাহ আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হন গ্যারি কারস্টেন। আটলান্টিক পাড়ের কুড়ি কুটির মেলায় তার শিষ্যরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। বাবর আজমদের বিদায়ে চরম হতাশ কারস্টেন। তার মতে, পাকিস্তান দল হিসাবে খেলেনি বলেই হেরেছে। ক্রিকেটারদের মধ্যে কোনও একতা নেই। সংবাদমাধ্যমে তিনি বলেন, 'পাকিস্তান দলে একতা নেই। ক্রিকেটারেরা কেউ কাউকে সাহায্য করে না। সবাই আলাদা। নিজের মতে চলে।'
কোচ হিসেবে ভারতকে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন কারস্টেন। আইপিএলেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। কারস্টেন নাকি এমন দল কোথাও দেখেননি। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটারের কথায়, 'আমি অনেক দলে কাজ করেছি। কিন্তু কোথাও এমন অভিজ্ঞতা হয়নি। জীবনে এমন দল আমি দেখিনি।'
কারস্টেন জানিয়েছেন, পাকিস্তানের ক্রিকেটারদের ফিটনেস দেখে তিনি অবাক হয়েছেন। ক্রিকেটীয় দক্ষতাতেও অন্য দলগুলির থেকে বাবরেরা পিছিয়ে রয়েছেন বলেই মনে করেন তিনি। এই সব কারণেই বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিতে হয়েছে বলে মত কোচের।
ভারতের বিপক্ষে ১২০ রান তাড়া করতে পারেনি পাকিস্তান। ৬ রানে হেরেছিলেন বাবরেরা। সেই হার নিয়ে কারস্টেন বলেনন, 'আমি খুব হতাশ। জানতাম ১২০ রান তাড়া করা সহজ হবে না। যেখানে ভারতের ব্যাটারেরা খেলতে পারেনি, সেখানে আমাদেরও সমস্যা হবে। কিন্তু ৭২ রানে ২ উইকেট থেকেও যে ম্যাচ হারব, সেটা ভাবতে পারিনি। আমরা নিজেরা নিজেদের হারিয়েছি।'