প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৪ ১৩:০৫ পিএম
তানজিম হাসান সাকিব
বাংলাদেশের পুঁজি মোটে ১০৬ রান। এত স্বল্প রান নিয়ে লড়াইয়ে নামলেন বাংলাদেশের বোলাররা। আগুনে বোলিংয়ে শুরুতেই নেপালকে ঝলসে দিলেন ২১ বছর বয়সী বাংলাদেশের নতুন পেস সেনসেশন তানজিম হাসান সাকিব। মাত্র ২৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়ে বসল নেপাল।
এর চারটির শিকারীই তানজিম। এই ধাক্কা আর সামলে উঠতে পারেনি হিমালয়ের দেশটি। শেষ পর্যন্ত ৮৫ রানে শেষ হয় তাদের ইনিংস। ৪ ওভারে মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট নেওয়া তানজিম সাকিব পান ম্যাচ সেরার পুরস্কার।
পুরস্কার বিতরণী মঞ্চে বল হাতে তার সাফল্যের রহস্য নিয়ে তানজিম সাকিব বলেন, 'বিরতির আগে আমরা ম্যাচ নিয়ে আলোচনা করছিলাম। আমাদের কথা ছিল একটাই যে, এই্ রান আমাদের ডিফেন্ড করতে হবে। আমরা কোনোভাবেই আতঙ্কিত হব না এবং খুব ভাল জায়গায় বল ফেলব। আমরা জানতাম যে, এই রান ডিফেন্ড করার সামর্থ্য আমাদের আছে। কেননা আমাদের বোলিং ইউনিট ভাল করে আসছে। আমি আগ্রাসী হতে চেয়েছি এবং পরিকল্পনা বান্তবায়ন করেছি।' সুপার এইট নিয়ে ভীষণভাবে উদ্দীপ্ত এই তরুণ স্পিড স্টার বলেন, 'সুপার এইট নিয়ে আমরা ভীষণভাবে উদ্দীপ্ত। আর ওখানেও ভাল করতে পারব বলে আমরা আত্মবিশ্বাসী।'
হারের কারণ হিসেবে শুরুতে বাংলাদেশের নতুন বলের বোলারদের সামলাতে ব্যর্থ হওয়ার কথা বলেছেন নেপাল অধিনায়ক রোহিত পাউডেল। তার কথায়, 'আমাদের বোলাররা খুবই ভাল করেছে। তবে ব্যাটিংয়ে আমাদের আরো ভাল করা উচিত ছিল। নতুন বলে বাংলাদেশের বোলাররা ছিল দুর্দান্ত। আর এতে আমরা শুরুতেই চাপের মধ্যে পড়ে গেছি।'