× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিদায়ের আগে কিউইদের রেকর্ডবুকে ঝড়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ২০:১৭ পিএম

বিদায়ের আগে কিউইদের রেকর্ডবুকে ঝড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের হট ফেভারিটের তালিকায় ছিল নিউজিল্যান্ড। কিন্তু টানা দুই হারে মারকাটারি আসর থেকে আগেই ছিটকে গেছে কিউইরা। অবশেষে নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে কেন উইলিয়ামসনের দল। আজ শনিবার (১৫ জুন) ভোরে আফ্রিকার দেশ উগান্ডাকে মাত্র ৪০ রানে অলআউট করে কিউইরা জিতেছে ৫.২ ওভারে। আইসিসির সহযোগী দেশটির বিপক্ষে ৯ উইকেটের জয়ের ম্যাচে রেকর্ডবুক ওলটপালট করেছে ব্ল্যাক ক্যাপসরা। 

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের বোলারদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে উগান্ডার ব্যাটিং লাইনআপ। ১৮.৪ ওভারে ৪০ রানে অলআউট হয় তারা। বল হাতে তিন উইকেট শিকার করেন টিম সাউদি, দুটি করে উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট, রাচিন রবীন্দ্র ও মিচেল স্যান্টনার। জবাবে ৫.২ ওভারেই জয়ের আনুষ্ঠানিকতা সারে তাসমান পাড়ের দেশটি।

উগান্ডার ৪০ রানে অলআউট হওয়ার ইনিংসটি টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বনিম্ন। কুড়ি কুড়ির আসরে যৌথভাবে সর্বনিম্ন সংগ্রহের রেকর্ডেও আছে তাদের নাম। এবারের আসরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৯ রানে গুটিয়ে গিয়েছিল তারা। আর ২০১৪ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৩৯ রানে থামিয়েছিল শ্রীলঙ্কা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বনিম্ন স্কোর এটি। এর আগে ২০১৬ সালে বাংলাদেশকে ৭০ রানে অলআউট করেছিল কিউইরা।

উগান্ডার দেওয়া ৪১ রানের লক্ষ্য তাড়ায় ৮৮ বল বাকি থাকতে ম্যাচ জেতে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কিউইদের সবচেয়ে বেশি বল বাকি থাকতে জয়ের রেকর্ড এটি। বিশ্বকাপে এর চেয়ে বেশি বল বাকি রেখে জয় আছে আর দুটি। চলতি বিশ্বকাপেই ওমানকে ১০১ বল বাকি থাকতে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে ২০১৪ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল বাকি থাকতে জিতেছিল শ্রীলঙ্কা।

উগান্ডাকে ধসিয়ে দেওয়ার পথে ৪ ওভারে এক মেডেনসহ ৪ রানে ৩ উইকেট শিকার করেন টিম সাউদি। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভার পূর্ণ বোলিং করা স্পেলে এটিই সবচেয়ে কম রান দেওয়ার ঘটনা। চলতি আসরেই পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ রানে ৩ উইকেট নিয়েছিলেন উগান্ডার ফ্রাঙ্ক সুবুগা। এ ছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কোনো বোলারের ৪ ওভারে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডও এটি। এর আগে ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়েছিলেন ড্যানিয়েল ভেট্টরি।

ম্যাচে সাউদি ছাড়াও ৪ ওভারে ১০ রানের কম দিয়েছেন ট্রেন্ট বোল্ট ও লকি ফার্গুসন। বোল্ট ৪ ওভারে ১ মেডেনসহ দিয়েছেন ৭ রান, ফার্গুসন দিয়েছেন ৯ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোনো দলের তিন বোলারের দশের কম রান দেওয়ার প্রথম ঘটনা এটি। এ ছাড়া নিউজিল্যান্ডের কোনো বোলারই দুই অঙ্কের ঘরে রান দেননি।

উগান্ডা ৪০ রান করতে ব্যাট করেছে ১৮.২ ওভার। যেখানে তাদের রান রেট ছিল মাত্র ২.১৮। টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ১০০ বল খেলা দলীয় ইনিংসে এটিই সবচেয়ে কম রান রেটের রেকর্ড। সব মিলিয়ে অন্তত ১০০ বলের ইনিংসে এর চেয়ে মন্থর গতিতে রান নেওয়ার ঘটনা আছে আর দুটি। ২০২৩ সালে কেনিয়ার বিপক্ষে ওভারপ্রতি ২.১২ রান করে ১৮.২ ওভারে মালির ৩৯ রান। ২০২১ সালে কানাডার বিপক্ষে ১৭.২ ওভারে ৩৭ রান করার পথে পানামার রান রেট ছিল ২.১৩।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা