ইউরো ২০২৪
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৬:২২ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪ ১৬:৩৯ পিএম
স্পেন-ক্রোয়েশিয়া মহারণ আজ
স্বাগতিক জার্মানি আর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে গত রাতে পর্দা উঠেছে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের। দ্বিতীয় দিনে আজ রয়েছে আরও দুটি ম্যাচ। ‘এ’ গ্রুপ থেকে রাতের প্রথম খেলায় মুখোমুখি হবে হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। পরের ম্যাচটি আজকের সেরা আকর্ষণ। ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ক্রোয়েশিয়া খেলবে একে অপরের বিপক্ষে। ‘বি’ গ্রুপের এই ম্যাচের সময় রাত ১০টা।
আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে গ্রুপ অব ডেথ ছাড়া যেন জমেই না। এবারের ইউরোতে মৃত্যুকূপ সেক্ষেত্রে দুটি। ‘ডি’ গ্রুপের খেলায় ফ্রান্স, নেদারল্যান্ডসকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত অস্ট্রিয়া। সেই সঙ্গে এই গ্রুপে আছে রবার্ট লেভানডোফস্কির পোল্যান্ডের মতো দলও। তবে আসল গ্রুপ অব ডেথ তো ‘বি’ গ্রুপ। চার দলের গ্রুপে তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের সঙ্গে আছে আরেক সাবেক চ্যাম্পিয়ন ইতালি। গ্রুপের অন্য পরাশক্তি ক্রোয়েশিয়া। তাদের সঙ্গে আলবেনিয়া। প্রতিটি গ্রুপ থেকে দুটি করে দল যাবে শেষ ষোলোয়। পয়েন্টের ভিত্তিতে তৃতীয় দলটির সামনেও সুযোগ থাকবে নকআউটে যাওয়ার। সেক্ষেত্রে এই গ্রুপের চতুর্থ দল আলবেনিয়ার বিদায় দেখছেন অনেকেই। আর বাকি তিন দলের মহারণ দেখার অপেক্ষায় বিশ্ব। সেই মহারণের একটি আজ। বার্লিনের অলিম্পিয়াস্তাদোনে স্পেনকে মোকাবিলা করবে ক্রোয়েশিয়া।
ইউরো চ্যাম্পিয়নশিপের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা পরপর এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে। একটি ২০০৮ সালে, পরেরটি ২০১২ আসরে। এরপর পরের পাঁচটি মেজর টুর্নামেন্টে কেবল দুটিতে নকআউট জিতেছে। তবে ২০২০ ইউরো এবং ২০২২ বিশ্বকাপে তরুণ এক দল নিয়ে দারুণভাবে ফিরে আসে লা রোজাসরা। যদিও খুব বেশি ম্যাচ তারা জিততে পারেনি। বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে বিদায় নেওয়ার আগে গ্রুপ পর্বেও ছিল নড়বড়ে। এবার অবশ্য আক্ষেপ ঘোচাতে চাইবে লুইস ফুয়েন্তের দল।
২০১২ সালের পর প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে স্পেনের বিপক্ষে ছয়বার মুখোমুখি হয়েছে ক্রোয়েশিয়া। যেখানে চারটিতে জিতে আধিপত্য ছিল স্পেনের। বাকি দুটি জিতেছে ক্রোয়েশিয়া। দুই দলের লড়াইয়ে প্রচুর গোলের দেখা মেলে। সবশেষ চারটি ম্যাচে অন্তত পাঁচটি করে গোল হয়েছে। ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলের দিক থেকে দ্বিতীয় অবস্থানে এ দুই দলের ম্যাচ। ২০২১ সালে ক্রোয়েশিয়াকে ৫-৩ গোলে হারায় স্পেন। এ প্রতিযোগিতায় সর্বোচ্চ গোলের ম্যাচটি ১৯৬০ সালের। সেবার ৫-৪ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে রেকর্ড গড়ে যুগোস্লাভিয়া।