প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ জুন ২০২৪ ১৩:১৫ পিএম
অধিনায়ক রোহিতের কণ্ঠে প্রত্যয়, হারাতে চান টেস্ট খেলুড়ে দলকে
জিততে জিততে হারতে হয়েছে নেপালকে৷ নানা নাটকীয়তা শেষে শেষের জয়ের সমীকরণ মেলাতে পারেনি এশিয়ার দেশটি৷ তবে সেই আক্ষেপ পুঁজি করে বাংলাদেশকে হারিয়ে দিতে চায় অধিনায়ক রোহিত পাডেল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১৫ রান তাড়া করে ১ রানে হারে নেপাল। হৃদয়ভাঙা পরাজয়ের পর সংবাদ সম্মেলনেও হতাশা ঝরে নেপাল অধিনায়কের কণ্ঠে। তবে এই হতাশা মিলিয়ে দিতে চান বলে জানিয়েছেন পাউডেল। তাই বাংলাদেশকে হারানোর এক রকম হুমকিই দিয়ে রাখলেন তিনি।
রোহিত বলেছেন, ‘আমরা পরিস্থিতি নিয়ে সচেতন। আজ জিতলে বাংলাদেশ ম্যাচটা আমাদের কাছে পরিষ্কার নকআউট হয়ে যেত। এটা বাদেও সামনের ম্যাচও আমাদের জন্য গৌরবেরই হবে। আমরা টেস্ট খেলুড়ে দলকে হারাতে চেয়েছি। এটা আজ হয়নি। আমরা পরের ম্যাচেও সেটাই চাই। আমরা যে আত্মবিশ্বাস পেয়েছি, সেটা ধরে রাখতে চাই।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটে-বলে দুর্দান্ত এই আত্মবিশ্বাস নিয়ে বাংলাদেশের বিপক্ষে নামতে চান পাউডেল। নেপাল অধিনায়ক বলেছেন, ‘আমরা যেভাবে ব্যাটিং-বোলিং করেছি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আত্মবিশ্বাসী হয়ে নামতে সহায়তা করবে।’
আগামী ১৭ জুন ভোর ৫টা ৩০ মিনিটে সেন্ট ভিনসেন্টের ম্যাচে নেপালের অধিনায়কের জবাব দিতে পারবে কি না বাংলাদেশ, সেটাই এখন দেখার।