টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১৬:১৩ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ২১:০৪ পিএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের দ্বিতীয় অবস্থানে আছে টাইগাররা। আগামী ১৭ জুন নেপালের বিপক্ষে পরের ম্যাচে অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটলে দক্ষিণ আফ্রিকার গ্রুপ সঙ্গী হয়ে পরের রাউন্ড খেলবে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে খেলতে পারে নাজমুল হোসেন শান্তরা।
শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে এবারের কুড়ি কুড়ির বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বল হাতে অল্পতে বেঁধে ফেললেও ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত হারতে হয়েছে মাত্র ৪ রানে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে আবার ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। বৃহস্পতিবার (১৩ জুন) কিংসটন ওভালে ডাচদের ২৫ রানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
আইসিসির মেগা এই আসরে প্রথমবারের মতো ২০টি দল অংশগ্রহণ করেছে। পাঁচটি করে দল চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট ৮টি দল খেলবে সুপার এইটে। পরের পর্বের জন্য র্যাংকিংয়ের ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নাম (যেমন এ-১, এ-২) দিয়ে রেখেছিল আইসিসি।
তিন ম্যাচের সবকটিতে জয় তুলে গ্রুপ ‘ডি’ থেকে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে বাংলাদেশ ছাড়াও গ্রুপ ‘ডি’ থেকে সেরা আটে জায়গা করে নেওয়ার সুযোগ আছে নেদারল্যান্ডস ও নেপালের। ৩ ম্যাচে ২ হারে ইতোমধ্যে আসর থেকে বিদায় নিয়েছে ২০১৪ আসরের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।
তবে নেদারল্যান্ডস ও নেপালের ভাগ্য নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। অবশ্য ১৭ জুন গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে বাংলাদেশ জয় পেলে কোনো সমীকরণই তাদের কাজে দেবে না। নিশ্চিতভাবেই সুপার এইটে যাবে টাইগাররা। সেখানে প্রতিপক্ষ হিসেবে কাদের পাবে বাংলাদেশ?
সুপার এইটে সুযোগ পাওয়া দলগুলো দুটি গ্রুপে ভাগ হয়ে যাবে। গ্রুপ ‘ওয়ান’ এবং গ্রুপ ‘টু’। আইসিসি টুর্নামেন্ট শুরুর আগেই জানিয়েছে, ভারত এ-১, পাকিস্তান এ-২, ইংল্যান্ড বি-১, অস্ট্রেলিয়া বি-২, নিউজিল্যান্ড সি-১, ওয়েস্ট ইন্ডিজ সি-২ এবং দক্ষিণ আফ্রিকা ডি-১ এবং শ্রীলঙ্কা ডি-২ হিসেবে সুপার এইটে খেলবে।
শর্ত ছিল, যদি এখান থেকে কোনো দল সুপার এইটে উঠতে ব্যর্থ হয় তাহলে তাদের জায়গায় যে দল উঠবে তারা সে জায়গাগুলো দখল করে নেবে। যেহেতু শ্রীলঙ্কা বিদায় নিয়েছে সে হিসেবে ডি-২ হিসেবে সুপার এইটে যাবে বাংলাদেশ। সেটা গ্রুপ চ্যাম্পিয়ন হলেও।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে গ্রুপ ওয়ানে পাবে বাংলাদেশ। ভারত ও অস্ট্রেলিয়া ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে। আফগানিস্তান সে পথেই আছে। পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে বিদায় করে জায়গা নিশ্চিত করবে তারা।
এদিকে সুপার এইটের সময়সূচিও নির্ধারিত। সবকিছু ঠিক থাকলে এ পর্বে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অ্যান্টিগাতে ২১ জুন ভোর সাড়ে ৬টায় হবে এ ম্যাচ। পরের দিন রাত সাড়ে ৮টায় একই ভেন্যুতে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ২৫ জুন সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের শেষ ম্যাচটি খেলবে টাইগাররা।