প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুন ২০২৪ ১০:২৫ এএম
আপডেট : ১৪ জুন ২০২৪ ১০:৪৪ এএম
ম্যাচটি দুই পক্ষের জন্য মাস্ট উইন, ছিল সুপার এইটের কাছে যাওয়ার সুবর্ণ সুযোগ। এমন টানটান ম্যাচ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। গতকাল নেদারল্যান্ডসকে ২৫ রানের ব্যবধানে হারিয়ে শেষ আটের রাস্তা সুগম করেছে নাজমুল হোসেন শান্ত ব্রিগেড। অন্যদিকে নবম আসরে বিদায়ঘণ্টা বেজেছে ডাচদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলটির কোচ প্রকাশ করেছেন হতাশা।
হারের কারণ ব্যাখ্যায় ডাচদের প্রধান কোচ রায়ান কুক জানালেন, ১৬০ রান তাড়া করা কঠিনই ছিল। তবে তিনি মনে করেন, ‘উইকেট ব্যাটিংবান্ধব ছিল। দুই দলকেই সহায়তা করেছে। বাংলাদেশ রান তুলেছে ভালো, কয়েকটি বিগ ওভার ছিল। তাদের (বাংলাদেশ) অভিজ্ঞ বোলার আছে, তাতে আমাদের জন্য এ রান তাড়াটা কঠিন ছিল।’
বাংলাদেশিদের মধ্যে বিশেষ করে টাইগার পেসার মুস্তাফিজের প্রশংসা করেছেন কুক, ‘শেষ ৫ ওভারে ৪৯ রান দরকার ছিল আমাদের। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। মুস্তাফিজ বোলিংয়ে আসায় দৃশ্যপট বদলে যেতে থাকল। ব্যাটাররা মিস করতে থাকল। প্রতিপক্ষ হিসেবে এ ব্যাপারটা দেখা একটু কঠিন ছিল। এ ম্যাচ থেকে ছেলেরা অনেক কিছু শিখবে। আমরা প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি।’
পিচ, কন্ডিশন এবং সার্বিক বিষয় নিয়ে কুক বলেন, ‘এখানকার কন্ডিশন একটু ভিন্ন। আইপিএলে একেক বলে গড়ে ২ রান করে হয়েছে। তবে বিশ্বকাপের চিত্র আলাদা। বোলাররা কন্ডিশন বেশ কাজে লাগিয়েছে। উইকেট হারিয়ে আমরা মোমেন্টাম হারিয়েছি, সেই সঙ্গে শেষ দিকে অনেক ডট বলও হয়েছে।’
তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই হার। পয়েন্ট টেবিলেও তলানিতে। তবু আশা ছাড়ছেন না ডাচ্ কোচ। তার মতে, শেষ আটের রাস্তা এখনও অনেক বাকি। নেট রান রেটে চোখ রাখতে হবে। বলেছেন, ‘আশা করছি অন্য ম্যাচের ফলাফলও আমাদের পক্ষে আসবে। দিনশেষে অবশ্য এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলতে পারি। ওদের প্রস্তুতি ম্যাচে হারিয়েছি। গত বছরও তাদের বিপক্ষে ক্লোজ ম্যাচ খেলেছি।’