প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ জুন ২০২৪ ১৭:২২ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪ ১৭:৪৯ পিএম
বিশ্বকাপে এবার তাদের আফগানিস্তানের সামনে পাপুয়া নিউগিনি। সংগৃহীত ছবি
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুর্দান্ত খেলছে আফগানিস্তান। মার্কিনি আসরে নিজেদের দুই খেলাতেই জয় তুলে নিয়েছে আফগানরা। প্রথমবারের মতো হারিয়েছে নিউজিল্যান্ডের মতো দলকেও। যে ছন্দে তারা এগোচ্ছে, তাতে সুপার আটে যাওয়াটা কেবল সময়ের ব্যাপার। নকআউটে যাওয়ার এই সুযোগ নিশ্চয়ই মিস করতে চাইবেন না রশিদ-নবিরা। বিশ্বকাপে এবার তাদের সামনে পাপুয়া নিউগিনি। যাদের বিপক্ষে জিতলেই সুপার এইটের টিকিট পেয়ে যাবে এশিয়ার নব্য পরাশক্তি আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে আগামীকাল সকাল সাড়ে ৬টায়। সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।
আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যভুক্ত দেশ আফগানিস্তান। তাদের প্রতিপক্ষ এখনও সহযোগী দেশ। র্যাঙ্কিংয়েও তার ছাপ বিদ্যমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের দশে থাকা আফগানিস্তানের চেয়ে ১০ ধাপ পিছিয়ে পাপুয়া নিউগিনি। এই ফরম্যাটের ক্রিকেটে এর আগে একবারই আফগানদের মুখোমুখি হয় দলটি। ২০১৫ সালের ওই দেখায় আফগানিস্তানের সামনে পাত্তাই পায়নি নিউগিনি। হেরেছিল ৬ উইকেটে।
এরপর গেল ৯ বছরে আফগানিস্তান ক্রিকেট এগিয়েছে অনেকদূর। বিশ্বচ্যাম্পিয়নদের তারা এখন প্রায়শই হারায়। সে হিসেবে এই ম্যাচে অনেকেই জয় দেখছেন আফগানদের। আর সেটি হলে শেষ আটের জায়গাও নিশ্চিত হয়ে যাবে তাদের।