× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রিভিউ

উইন্ডিজের বিপক্ষে কিউইদের টিকে থাকার লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১২:২৬ পিএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১২:৩৯ পিএম

উইন্ডিজের বিপক্ষে কিউইদের টিকে থাকার লড়াই

এই দিনকাল শুধু পথ চাওয়ার, এই দিনকাল শুধুই অপেক্ষার। কবির সুমনের গানের মতোই আক্ষেপ, অপেক্ষার খোলসে বন্দি নিউজিল্যান্ড। বিশ্বকাপ আসে, যায়, তাসমান পাড়ের ক্রিকেটযোদ্ধাদের অন্তর দহন বেড়েই চলে। কুড়ি কুড়ির বিশ্বকাপের আট সংস্করণে কিউইদের দৌড় সর্বোচ্চ রানার্সআপ। নবমের দোরগোড়াতেও হোঁচট। তবে আজ বুধবার গাঝাড়া দেওয়ার মিশনে কিউইদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দাপুটে শুরু করা ক্যারিবিয়ানদের বিপক্ষে ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। একপক্ষের বৃত্ত ভাঙার চ্যালেঞ্জ, অন্য পক্ষের হ্যাটট্রিক জয়ে সুপার এইট স্পর্শের।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের আজকের ম্যাচে পরিসংখ্যান ও শক্তি-সামর্থ্যে এগিয়ে নিউজিল্যান্ড। হাতের তালুতে চেনা মাঠে ছেড়ে কথা বলবে না ওয়েস্ট ইন্ডিজ। অভিন্ন লক্ষ্যে পাখির চোখে দৃষ্টি ফেলা ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়, যা সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি। 

আটলান্টিক পাড়ের বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের হার প্রথমটিতেই। তবে অতীত কিউইদের পক্ষে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৯ দেখায় ১১ বার ফল গেছে ব্ল্যাক ক্যাপসদের পক্ষে। ছ’বার জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের ঘরে। দুটি ম্যাচ ফলশূন্য থেকেছে। দুপক্ষের সবশেষ ছয়বারের দেখায় চারবার জিতেছে নিউজিল্যান্ড। মাত্র একটি জয় এসেছে ক্যারিবিয়ানদের পক্ষে। অন্যটি বৃষ্টিতে ভেসে গেছে।

অতীত সুখ জাগানিয়া হলেও প্রথম হারের জ্বালায় কাতর নিউজিল্যান্ড। অন্তত কেন উইলিয়ামসনের কথায় তা স্পষ্ট। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর এক প্রতিবেদনে ব্ল্যাক ক্যাপসদের অধিনায়ক বলেছেন, ‘বাজে ফিল্ডিংয়ের কারণেই প্রথম হার দেখতে হয়েছিল দলকে।’ আফগানিস্তানের বিপক্ষে হারের কারণ খুঁজতে চেষ্টা করেছেন দলটির আরেক ক্রিকেটার মিচেল ম্যাকক্লেগন। প্রস্তুতি ম্যাচ না খেলা, ক্রিকেটারদের আইপিএলপ্রীতি, দেরিতে টিম শিবিরে যোগ দেওয়া এবং ইনজুরিকেই দুষছেন তিনি। আর দ্বিতীয় ম্যাচের আগে কিউইদের ব্যাটিং কোচ লুক রঙ্কিও নিজেদের সামর্থ্যের কথা জানিয়েছেন। রভম্যান পাওয়েলদের সমীহ করে বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টিতে দুর্দান্ত টিম। তারা বেশ শক্তিশালী। যেকোনো মুহূর্তে খেলার ফল বদলে দেওয়ার ক্ষমতা তাদের আছে। দলটির অনেক খেলোয়াড় ত্রিনিদাদের। সেখানকার পরিস্থিতি সম্পর্কে অবগত। ইতোমধ্যে আমরা প্রথম খেলায় হেরেছি। তাই আমাদের জানা উচিত, কী করতে হবে।’

নিজেদের সবশেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডার বিপক্ষে ১৩৭ রানে জয় পেয়েছিল তারা। এমন ধারাবাহিকতার পর স্বাভাবিকই দলের অবস্থা চনমনে। জয়ের ধারা ধরে রাখতে চান অধিনায়ক পাওয়েল, ‘আমাদের ক্রিকেটাররা ১২ মাসই ক্রিকেট খেলে। ক্যারিবিয়ানে ক্রিকেট খেলা এতটা সহজ নয়। সমর্থকদের প্রতি প্রত্যাশা থাকবে তারা যেন আমাদের সমর্থন করে। পরবর্তী সময়েও আমরা জয় উপহার দিতে মুখিয়ে।’

বিশ্বকাপের দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এবার নিজেদের মাটিতে বিশ্বমঞ্চ। ছন্দে থাকা একদল তরুণ খেলোয়াড় স্কোয়াডে। সব মিলিয়ে তৃতীয় শিরোপা ঘরে রাখার পথে পাওয়েলের দল। আর নিউজিল্যান্ড অনেকটা অভাগা দল। এখন পর্যন্ত আইসিসির কোনো ইভেন্টে শিরোপা জিততে পারেনি কিউইরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ তিন আসরেও সেমিতে খেলেছে দলটি। যার মধ্যে ২০২১ সালের আসরের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে শিরোপা খুইয়েছে তারা। দেখার বিষয় উইলিয়ামসদের চাওয়া-অপেক্ষা আর আক্ষেপের সমাপ্তির পথ কোথায় গিয়ে ঠেকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা