× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাম্পার অন্যরকম সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ জুন ২০২৪ ১১:২০ এএম

আপডেট : ১২ জুন ২০২৪ ১১:৩৫ এএম

অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ছবি : সংগৃহীত

মঙ্গলবার রাতে অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে নামিবিয়ার বিপক্ষে ইতিহাস লিখেছেন অস্ট্রেলিয়ান লেগস্পিনার অ্যাডাম জাম্পা। প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে টি-টোয়েন্টি ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

প্রথম অসি ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেট নিয়েছেন ৩২ বছর বয়সি লেগস্পিনার অ্যাডাম জাম্পা

ইতিহাস গড়ার হাতছানি ছিল। নামের পাশে ৯৬টি টি-টোয়েন্টি উইকেট নিয়ে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামেন জাম্পা। দারুণ এ ল্যান্ডমার্কে পৌঁছানোর জন্য তার দরকার ছিল ৪ উইকেট। নিজের করা প্রথম ৯ বলের মধ্যেই ২টি উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়ার আভাস দেন। পরে নিজের কোটার শেষ ওভারে আরও ২ উইকেট তুলে নেন। তাতেই প্রথম অজি ক্রিকেটার হিসেবে ল্যান্ডমার্কে পৌঁছান ৩২ বছর বয়সি এ স্পিনার।

শততম উইকেট নেওয়ার আগেই একটা জায়গায় এগিয়ে ছিলেন জাম্পা। এ ফরম্যাটের ক্রিকেটে অনেক দিন আগেই শীর্ষে পৌঁছেছেন। অন্তত উইকেটের বিবেচনায়। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে ২৪টি বেশি টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন এই লেগি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিচেল স্টার্ক (৭৬)। স্পিনারদের মধ্যে অস্ট্রেলিয়ান হয়ে তার পরে আর কেউ ৫০ উইকেটও শিকার করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ অ্যাস্টন অ্যাগার নিয়েছেন ৪৮ উইকেট।

এ ছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০ কিংবা তার বেশি উইকেট নেওয়া একমাত্র অজি বোলারও জাম্পা। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট দখলের তালিকায় সেরা ৪-এ আছেন তিনি। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অভিষেক হয় জাম্পার। তখন তার বয়স ছিল ২৩ বছর। অভিষেক আসরেই নিজের আগাম উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখিয়েছিলেন। এরপর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেকে প্রমাণ করেন জাম্পা। ওই আসরে সাত খেলায় ১৩ উইকেট শিকার করেন; যা ছিল সম্মিলিতভাবে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। জাম্পার ইকোনমি রেট ছিল ৬-এর কম। ওই বিশ্বকাপে প্রথমবারের মতো শর্টার ফরম্যাটের প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হয় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া আবারও চ্যাম্পিয়নের মুকুট পরে ভারতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে। যেখানে আগের আসরগুলোর মতোই দুর্দান্ত ছন্দে ছিলেন জাম্পা। এশিয়ার দেশটির ২৩ উইকেট শিকার করে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। দুর্দান্ত সাফল্যের পর তর্কাতীতভাবে অস্ট্রেলিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি বোলার হিসেবে তাকে এখন বিবেচনা করা হয়। দেশের ইতিহাসে সেরা সাদা বলের স্পিনার হিসেবে তার খ্যাতি দিন দিন বাড়ছে।

জাম্পাকে নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন অধিনায়ক মিচেল মার্শ। যাকে তিনি গত অর্ধ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে আখ্যায়িত করেছেন, ‘যদি আপনি তার (জাম্পা) ক্যারিয়ারের দিকে তাকান, গত চার বা পাঁচ বছরে সম্ভবত আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল সে। বড় মঞ্চ কিংবা চাপের মুহূর্তে সে অবিশ্বাস্য সাবলীল। এমন সময়ে সে নিজেও বোলিং করতে পছন্দ করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা