প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুন ২০২৪ ১০:০৪ এএম
আপডেট : ১২ জুন ২০২৪ ১১:০২ এএম
রান তাড়ায় ৫.৪ ওভার। পাওয়ার প্লের নির্ধারিত ওভার তখনও শেষ হয়নি। কিন্তু এটুকু সময়েই কি না একটা দল জয় তুলে নিল! শুনতে কিছু অবিশ্বাস্য মনে হলেও হয়েছে এমনটাই। ৩৪ বলেই গতকাল নামিবিয়ার বিপক্ষে জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার রাতে নর্থ সাউন্ডে বসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচ। বি গ্রুপের এ খেলায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় নামিবিয়া। টস হেরে যারা আগে ব্যাটিংয়ে নামে। নির্ধারিত কোটার ৩ ওভার বাকি থাকতে ৭২ রানে অলআউট হয় দলটি। জবাবে ৮৬ বল এবং ৯ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এ জয়ের পর স্কটল্যান্ডকে টপকে গ্রুপে শীর্ষে উঠেছে মিচেল মার্শের দল। সেই সঙ্গে দ্বিতীয় দল হিসেবে নিশ্চিত করেছে সুপার এইট পর্ব।

এদিন ছোট লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসি মেজাজেই খেলে অস্ট্রেলিয়া। নেমেছেন তিন ব্যাটার। প্রত্যেকেই ব্যাট করেছেন ২০০ বা তার বেশি স্ট্রাইকরেটে। ডেভিড ওয়ার্নার করেছেন ৮ বলে ২০, স্ট্রাইকরেট ২৫০। ডেভিড ভিসার বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হয়েছেন তিনি। এরপর বাকি কাজ সেরেছেন ট্রাভিস হেড ও অধিনায়ক মার্শ। হেড ১৭ বলে ৩৪ এবং মার্শ ৯ বলে ১৮ রান করেন। দুজনেরই স্ট্রাইকরেট ২০০।
এর আগে ব্যাট হাতেও সুবিধা করতে পারেনি নামিবিয়া। অধিনায়ক গেরহার্ড এরাসমাস একা চালিয়েছেন লড়াই। সঙ্গী হিসেবে কাউকেই পাননি। পুরো দল যখন অস্ট্রেলিয়ার বোলিং লাইনআপের সামনে খাবি খেয়েছে, তখন নামিবিয়া অধিনায়ক খেলেলেন একা হাতেই। ৪৩ বলে ৪ চার ও ১ ছক্কা হাঁকিয়ে করেছেন ৩৬ রান। নবম উইকেটের যখন পতন হয়, তখন দলীয় সংগ্রহের অর্ধেকটাই ছিল এরাসমাসের।

শেষ উইকেটে নামিবিয়া আর কোনো রানই যোগ করতে পারেনি। ৭২ রানেই থামে তাদের ইনিংস। অ্যাডাম জাম্পা শিকার করেন ৪ উইকেট। তাতে ম্যাচসেরাও হয়েছেন এই লেগস্পিনার। জশ হ্যাজেলউড-মার্কাস স্টয়নিসেরা নিয়েছেন ২টি করে উইকেট।