প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুন ২০২৪ ০৯:৪৫ এএম
আপডেট : ১২ জুন ২০২৪ ১১:১৪ এএম
১টি বলও মাঠে গড়ায়নি শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে। ছবি : ক্রিকইনফো
গ্রুপ পর্বে বাংলাদেশের আর কোনো ম্যাচই যুক্তরাষ্ট্রে নেই। পরের দুটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজে। ক্যারিবিয়ানে পা রেখেই সুসংবাদ পেয়েছে টাইগার শিবির। লডারহিলে আজ বুধবার নেপালের বিপক্ষে শ্রীলঙ্কার ম্যাচটি বৃষ্টির কারণে পণ্ড হয়েছে। শ্রীলঙ্কা, নেপাল বাংলাদেশের একই গ্রুপে থাকায় স্বস্তি মিলেছে টাইগারভক্তদের জন্য। নিজেদের পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেলেই শেষ আটে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ।
ফ্লোরিডার লডারহিলে শ্রীলঙ্কা মাঠে নেমেছিল বাঁচা-মরার ম্যাচে। পা হড়কালেই ছিল বিপদ। দুই ম্যাচ জয়শূন্য থাকা লঙ্কানরা অবশ্য মাঠেই নামতে পারেনি। এদিন পুরো সময়টাই গেছে বৃষ্টির পেটে। আর তাতে বিপদ বেড়েছে ২০১৪ সালের চ্যাম্পিয়নদের। তিন খেলায় ১ পয়েন্ট পাওয়া লঙ্কানদের বিদায় কার্যত হয়ে গেছে।
এদিন টানা বৃষ্টির কারণে খেলা হওয়া তো দূরের কথা, টসও গড়ায়নি মাঠে। ম্যাচ বাতিল করার জন্য অবশ্য আরেকটু অপেক্ষা করার সুযোগ ছিল দায়িত্বরত আম্পায়ারদের। তবে লডারহিলের মাঠে ড্রেনেজ সিস্টেম তেমন ভালো না হওয়ায় বেশিক্ষণ আর অপেক্ষা করেননি তারা। এমনকি ম্যাচ বাতিলের সিদ্ধান্ত আসায় লঙ্কান কোচ ক্রিস সিলভারউডকে বেশ অনেকটা সময় নিয়ে আলাপ করতে দেখা যায় আম্পায়ারদের সঙ্গে।

শ্রীলঙ্কা-নেপাল ম্যাচে সুসংবাদ কেবল বাংলাদেশের জন্যই নয়, এটি সুসংবাদ বয়ে এনেছে দক্ষিণ আফ্রিকার জন্যও। এ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সুপার এইট নিশ্চিত হয়ে গেছে এইডেন মার্করামের দলের। প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেরা আটে উঠেছে তারা।
লঙ্কানদের ম্যাচ বাতিলের পর গুরুত্ব বেড়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের। সে ম্যাচ থেকে যারাই ২ পয়েন্ট নিতে পারবে, তারা সুপার এইটের পথে এগিয়ে যাবে। দুই দলই নিজেদের প্রথম দুই ম্যাচের একটিতে জিতেছে। পয়েন্টে দুই দল সমান হলেও নেট রান রেটে খানিকটা এগিয়ে বাংলাদেশ।