প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ২২:২১ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ২২:২২ পিএম
কামরান আকমল, হরভজন সিং ও আর্শদীপ সিং
বর্ণবিদ্বেষের অভিযোগ উঠেছে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক কামরান আকমলের বিরুদ্ধে। ভারত-পাকিস্তান ম্যাচের শেষ দিকে তার করা এক মন্তব্য তোলপাড় সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জবাবে কামরান আকমলকে একহাত নিয়েছেন হরভজন সিং।
নিজের ভুল বুঝতে পরে অবশ্য ক্ষমা চেয়ে নিয়েছেন কামরান। তিনি লেখেন, 'আমি যে মন্তব্য করেছিলাম, তার জন্য হরভজন সিং ও শিখ সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থী। সেটার জন্য গভীরভাবে দুঃখিত। আমার শব্দপ্রয়োগ অসম্মানজনক ছিল। বিশ্বের সব জায়গার শিখদের প্রতি আমার শ্রদ্ধা রয়েছে। কাউকে আঘাত করতে চাইনি। আমি সত্যিই দুঃখিত।'
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে লাইভ অনুষ্ঠান হচ্ছিল পাকিস্তানের এআরওআই নিউজ চ্যানেলে। ম্যাচের ১৯তম ওভার চলাকালে কামরান আর্শদীপ সিংকে উদ্দেশ্য করে বলেন, ‘যে কোনো কিছু হতে পারে। ইতোমধ্যে ১২টা বেজে গেছে। রাত ১২ টায় কোনো শিখকে বল করতে দেওয়া উচিত নয়।’ এই কথা শুনে অনুষ্ঠানের বাকি অতিথিরা হাসিতে ফেটে পড়েন।
পরে শেষ ওভারটি করেন আর্শদীপ সিং। ভারতকে জেতানো ৬ রানে। রাত ১২টার সময় নিয়ে শিখদের কিছু বললে সেটা বর্ণবিদ্বেষী মন্তব্য হিসেবে ধরা হয়। মুঘলদের সময়ে একটি ঘটনা নিয়ে এই বর্ণবিদ্বেষের শুরু।
সেই মন্তব্যের জেরে হরভজন সিং ধুইয়ে দেন কামরানকে। নিজের এক্স হ্যান্ডেলে সাবেক এ তারকা স্পিনার লেখেন, 'তোমার লজ্জা হওয়া উচিত, কামরান আকমল। আগে শিখদের ইতিহাস জানো। তারপর তোমার ওই নোংরা মুখটা খোলো। যখন তোমার মা-বোনেদের অপহরণ করেছিল অনুপ্রবেশকারীরা, তখন আমরা শিখরা তাদের রক্ষা করেছিলাম। আর সময়টা অবশ্যই ১২টাই ছিল। লজ্জা হওয়া উচিত। ন্যূনতম কৃতজ্ঞতা বোধ থাকা উচিত।'