× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কা-নেপাল ‘অভিষেক’ লড়াই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৮:৩৩ পিএম

শ্রীলঙ্কা-নেপাল ‘অভিষেক’ লড়াই

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও নেপাল। সেটি আবারও বিশ্বকাপের মতো বড় মঞ্চে। টি-টোয়েন্টির মারকাটারি আসরে প্রথম সাক্ষাৎ স্মরণীয় করে রাখতে মরিয়া দুই দলই। আগামীকাল বুধবার ‘ডি’ গ্রুপে ম্যাচে মুখোমুখি হবে এশিয়ার এ দুই দল। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার লডারহিলে সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে হবে শ্রীলঙ্কা ও নেপালের মধ্যকার ‘অভিষেক’ লড়াই। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি।

সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। ২০১৪ সালে বাংলাদেশে আয়োজিত আসরে জিতেছিল শিরোপা। কিন্তু গত তিন আসরে নেই তেমন কোনো সাফল্য। কুড়ি কুড়ি বিশ্বকাপে এবারও লঙ্কানরা টানা দুই ম্যাচ হেরে আছে ব্যাকফুটে। দক্ষিণ আফ্রিকার পর বাংলাদেশের বিপক্ষে হেরে শেষ আটের সমীকরণ কঠিন করে তুলেছে। তাই আসরে টিকে থাকতে হলে জয়ের বিকল্প পথ খোলা নেই। নচেৎ বিদায় নিশ্চিত হয়ে উঠবে ওয়ানিন্দু হাসারাঙ্গাদের।

অন্যদিকে আইসিসির সহযোগী দেশ নেপাল ১০ বছর পর ফিরেছে বিশ্বকাপের মঞ্চে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো আইসিসির কোনো ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছিল। প্রথম আসরেই তিন ম্যাচের মধ্যে দুটিতে (হংকং ও আফগানিস্তান) জিতে রীতিমতো হইচই ফেলে দিয়েছিল। চলতি আসরে অবশ্য নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের হার দিয়ে শুরু করেছে এশিয়ার নবাগত দলটি। তাই লঙ্কাবধেই এবার চোখ রাখছেন গুর্খালিরা।

নেপালের বিপক্ষে ডু অর ডাই ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন না শ্রীলঙ্কার পেসার নুয়ান থুসারা। বাংলাদেশের বিপক্ষে হারের পর তিনি জানান, ‘আমার মনে হয় টি-টোয়েন্টিতে কোনো সহজ ম্যাচ নেই। নিজেদের দিনে যেকোনো দল যেকাউকে হারাতে পারে। কোনো দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। আমাদের সেখানে অনুশীলন করে প্রস্তুত হয়েই নামতে হবে।’

এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়াতে চান তিনি, ‘আমি নিশ্চিত কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে আমরা ভালোভাবে কামব্যাক করব। ফ্লোরিডার উইকেট অনেক ভালো, এখানের উইকেটকে খারাপ বলছি না। এটাও ভালো। তবে আমার বিশ্বাস আমরা ফ্লোরিডায় আরও ভালো খেলব।’

এদিকে নেপালের অধিনায়ক রোহিত পাওডেল বলেন, ‘লঙ্কানরা অবশ্যই ভালো এবং অভিজ্ঞ। তবে মনে রাখতে হবে এটা টি-২০। আমরা এখানে তিন, চারটি নেট সেশন করেছি এবং আগামীকালের খেলার জন্য আমরা খুব ভালোভাবে প্রস্তুত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা