অভিযোগ ওয়াসিম জাফরের
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৩:২৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৫:৫৮ পিএম
আম্পায়ারের দেওয়া বাজে সিদ্ধান্ত নিয়ে ‘এক্স’ হ্যান্ডলে ওয়াসিম জাফর লিখেছেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেওয়া হয়েছিল।
আম্পায়ারিং নিয়ে কথা উঠেছে, অমনটা হবারই ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে অন্তত দুটি সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে আসেনি বলে অভিযোগ উঠেছে। আম্পায়ারের দেওয়া বাজে সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফরও। তার মতে, মাহমুদউল্লাহর এলবিডব্লিউর সিদ্ধান্ত ভুল ছিল।
গতকাল সোমবার রাতে খেলার ফল তখন বাংলাদেশের পক্ষে ঝুলে। বাংলাদেশের ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টম্যানের করা ফুলার লেংথের ডেলিভারিতে ফ্লিক করতে চেয়েছিলেন মাহমুদউল্লাহ। ব্যাটে-বলে না হওয়ায় এলবিডব্লিউ’র আবেদন করেছিল সাউথ আফ্রিকা। অনফিল্ড আম্পায়ার স্যাম নাগোস্কি আবেদনে সাড়া দেন। সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নেন মাহমুদউল্লাহ।
টিভি রিপ্লেতে দেখা যায় বল লেগ স্টাম্প মিস করে যেতো। যার ফলে বাধ্য হয়েই সিদ্ধান্ত পাল্টাতে হয় আম্পায়ারকে। মাহমুদউল্লাহও বেঁচে যান। এর আগে অবশ্য বল তার প্যাডে লেগে বাউন্ডারি পেরিয়ে যায়। আম্পায়ার আউট দেওয়ায় নিয়ম অনুযায়ী লেগ বাইয়ে চার রান বাংলাদেশের স্কোরবোর্ডে যোগ হয়নি। নানা নাটকীয়তা শেষে বাংলাদেশ হারে ৪ রানের ব্যবধানে।
আম্পায়ারের দেওয়া বাজে সিদ্ধান্ত নিয়ে ‘এক্স’ হ্যান্ডলে ওয়াসিম জাফর লিখেছেন, ‘মাহমুদউল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ আউট দেওয়া হয়েছিল। লেগ বাই হয়ে বলটা চার হয়েছিল। ডিআরএসে সিদ্ধান্ত পাল্টেছিল। কিন্তু বাংলাদেশ চার রান পায়নি। কারণ একবার যখন ব্যাটার আউট দেওয়া হয় তখন বল ডেড হয়, যদি তা ভুলভাবেও হয়। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৪ রানে জিতেছে। বাংলাদেশের জন্য খারাপ লাগছে।’