বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা
রুবেল রেহান
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১৩:০৯ পিএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৭:৪৩ পিএম
আরও একটি লো স্কোরিং ম্যাচের সাক্ষী হলো মার্কিনী বিশ্বকাপ। সোমবার রাতের থ্রিলার ম্যাচের পর অবশ্য শেষ হাসি হাসতে পারেনি বাংলাদেশ। প্রায় অনেকটা সময় ম্যাচটা নিজেদের হাতে থাকলেও শেষের দিকে আর সমীকরণ মেলাতে পারেনি টাইগাররা। ৪ রানে জয় তুলে নিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের গুরুত্বপূর্ণ পাঁচটি পয়েন্ট তুলে ধরছি এই প্রতিবেদনে।

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। তাদের আগের দুই খেলাতেও পাওয়ার প্লে-তে ভালো করতে পারেনি। যথাক্রমে ২৭/২ এবং ১৬/৪ ছিল ওই দুই ম্যাচে ৬ ওভার শেষে স্কোরকার্ড। এরপর গতকাল ২৫ রানে ৪ উইকেট হারিয়ে পাওয়ারপ্লে শেষ করে দক্ষিণ আফ্রিকা। কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস এবং ট্রিস্টান স্টাবসের উইকেট তুলে প্রোটিয়াদের ব্যাটিং লাইনআপে তোপ ছড়ান তানজিম হাসান সাকিব। মাত্র ১৩ রানের বিনিময়ে শিকার করেন ৩ উইকেট।

পঞ্চম উইকেটে ৭৯ রানের জুটি গড়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরান ডেভিড মিলার এবং হেনরিখ ক্লাসেন। নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জয়ের মূল নায়ক ছিলেন মিলার। আগের দুই ম্যাচে গড়পরতা ছিলেন ক্লাসেন। তবে টাইগারদের বিপক্ষে ৪৪ বলে ৪৬ রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরষ্কার জেতেন ৩২ বছর বয়সী ক্লাসেন।
ঠিক যখন মনে হচ্ছিল ক্লাসেন ও মিলার দক্ষিণ আফ্রিকাকে ১২০-এর বেশি স্কোরে নিয়ে যাবে, বাংলাদেশ শেষ তিন ওভারে দুর্দান্তভাবে ফিরে আসে। তাসকিন আহমেদ ১৮তম ওভারে একটি ভয়ঙ্কর ডেলিভারিতে ক্লাসেনকে তুলে নেন। পরের ওভারে লেগ-স্পিনার রিশাদ হোসেন আউট করেন মিলারকে। শেষ তিন ওভারে প্রোটিয়ারা মাত্র তোলে মোটে ১৩ রান। স্কোরবোর্ডে যোগ হয় ১১৩ রান।

বাংলাদেশের রান তাড়ার সময় ম্যাচটি বারবার ঘুরছিল। কখনও দক্ষিণ আফ্রিকার পক্ষে, আবার কখনও বাংলাদেশের পক্ষে। বেশ কয়েকবার টার্ন নিয়েছিল ম্যাচ। ২৯/১ থেকে চোখের পলকে স্কোরকার্ড দাড়ায় ৫০/৪। আনরিভ নরকিয়ার শর্ট বলের তাণ্ডবের ভেঙে পড়ে বাংলাদেশের টপ অর্ডার। পঞ্চম উইকেটে ৪৫ বলে ৪৪ রান যোগ করে বাংলাদেশকে আবার খেলায় রাখেন তৌহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ। তবে ১৮তম ওভারে হৃদয়ের এলবিডব্লিউ আউট দক্ষিণ আফ্রিকার জন্য দরজা খুলে দেয়। শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের জন্য শেষ ওভারে নেমে আসে ১১ রানে সমীকরণ।
শেষ ওভারে খুব একটা ভালো বোলিং করেননি কেশব মহারাজ। তবে দিনটি এদিন বাংলাদেশের ছিল না। তার ওভারে তিনটি ফুলটস থেকে বাউন্ডারি আদায় করতে পারেনি বাংলাদেশ। প্রথম ফুলটসে জাকের আলী নেন মোটে ২ রান। পরের লো ফুলটসে লং অনে অবিশ্বাস্য মার্করামের ক্যাচে আউট মাহমুুদুল্লাহ। এরপর শেষ বলে তাসকিন আরেকটি ফুলটস থেকে তোলেন স্রেফ ১ রান। চার রানের জয়ে গুরুত্বপূর্ণ ২ পয়েণ্ট পায় এইডেন মার্করামের দল।