প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ জুন ২০২৪ ১১:২২ এএম
আপডেট : ১১ জুন ২০২৪ ১৩:৩১ পিএম
টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের মধ্যে বর্তমানে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। প্রায় দেড় যুগ ধরে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন তিনি। কিন্তু কুড়ি কুড়ির বিশ্বকাপের এই আসরে রীতিমত ধুঁকছেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে বাজে পারফর্ম করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। তাই টাইগার বিশ্বসেরা অলরাউন্ডারকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাট থেকে অবসর নিতে বলেছেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ।
গতকাল সোমবার (১০ জুন) নিউইয়র্কে তানজিম হাসান সাকিব ও তাসকিন আহমেদদের বোলিং নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে স্রেফ ১১৩ রানে থামিয়ে দিয়েছিল বাংলাদেশ। কিন্তু সেই রান তাড়া করতে নেমে ব্যর্থ হন ব্যাটাররা। কেবল মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে লড়ে বাংলাদেশ। যদিও ৪ রানে হারতে হয় তাদের। রিয়াদের পাশাপাশি দলের অভিজ্ঞ ক্রিকেটার সাকিব। এমন কঠিন মুহূর্তে দলের হাল ধরতে না পারায় সমালোচিত হচ্ছেন এই অলরাউন্ডার।
এদিন চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাকিব। কিন্তু তার ওপর যে প্রত্যাশা তার বিন্দুমাত্র চাপ সামলাতে পারেননি তিনি। ৪ বলে তার ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। অষ্টম ওভারে দক্ষিণ আফ্রিকার স্পিডস্টার আনরিখ নরকিয়ার অফ স্টাম্পের বাইরের বাউন্সারে পুল করতে গিয়ে আউট হয়ে যান। যেটি সহজেই তালুবন্দি করেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। চাপের মুখে থাকা বাংলাদেশের হয়ে তার এমন পারফরম্যান্সে তাকে লজ্জা পাওয়া উচিত বলে মনে করেন শেবাগ।
ক্রিকবাজের সঙ্গে আলাপকালে সাকিবের লম্বা ক্যারিয়ারের পরও এভাবে উইকেট বিলিয়ে দেওয়াটা ঠিক হয়নি বলে জানান শেবাগ, ‘তুমি (সাকিব) অ্যাডাম গিলক্রিস্টও না, ম্যাথু হেইডেনও না। বরং বাংলাদেশি ক্রিকেটার। তোমার নিজের লেভেলে খেলা উচিত। কেন সে এমন মুহূর্তে নরকিয়ার বলে পুল শট খেলতে গেল? কেউ একজন যার ১৭ বছরেরও বেশি আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা রয়েছে তার এটা জানা উচিত ছিল যে এমন মুহূর্তে বল প্রতি রান দরকার ছিল। ’
একজন অভিজ্ঞ খেলোয়াড়ের পাশাপাশি সাবেক অধিনায়কের এমন কাজে লজ্জা হওয়া উচিত বলে জানান শেবাগ। তিনি বলেন, ‘তুমি (সাকিব) একজন সিনিয়র খেলোয়াড়, সাবেক অধিনায়ক… অথচ এটাই তোমার ক্রিকেট সেন্স! তোমার লজ্জা পাওয়ার পাশাপাশি এই ফরম্যাট থেকে অবসর নেওয়া উচিত। ’