প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৪ ২১:১৫ পিএম
রোহিত শর্মা। ছবি : সংগৃহীত
রবিবার পাকিস্তানের বিপক্ষে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি ভারত। ১৯ ওভারে ১১৯ রানে গুটিয়ে যায় রোহিত শর্মার দল। তারপরও পাকিস্তানকে হারান ৬ রানে কোহলি-রোহিতরা। ইনিংসের বিরতিতে দলের বোলারদের কী মন্ত্র দিয়েছিলেন, ম্যাচ শেষে সেটি জানিয়েছেন রোহিত- ‘আমরা ভেবেছিলাম আরও বেশি রান করতে পারব। ১১৯ রান বেশি নয়। কিন্তু আমরা আত্মবিশ্বাসী ছিলাম। বোলারদের বলেছিলাম, আমরা যদি ব্যাট করতে সমস্যায় পড়ি, তাহলে ওরাও পড়বে। পিচ তো একই আছে। ওদের সহজে রান করতে দেব না। চাপে রাখব। শুরু থেকে শেষ পর্যন্ত একটা পরিকল্পনা নিয়েই বোলাররা বল করে গিয়েছে।’
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে রোহিতের নেতৃত্বের প্রশংসা করেছেন অনেকেই। তাদের মতে, রান কম থাকলেও রোহিত যেভাবে বোলারদের কাজে লাগিয়েছেন, ফিল্ডিং সাজিয়েছেনÑ তা এক কথায় অসাধারণ। এদিন ভারতের বোলারদের মধ্যে নজর কেড়েছেন জাসপ্রিত বুমরাহ। ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই পেসার। দলের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ রোহিত, ‘বুমরাহ দিন দিন আরও ভালো বল করছে। ওকে নিয়ে বেশি কিছু বলব না। আমরা চাই ও যেভাবে বল করছে সেভাবেই বল করুক। ও দুর্দান্ত বোলার।’