টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৮:২২ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪ ১৮:৩৯ পিএম
জাতীয় দলে একসময় অটোচয়েস ছিলেন। মাঝে ফর্মহীনতায় দল থেকে বাদও পড়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গত ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলে প্রত্যাবর্তন করেন তিনি। এরপর থেকেই ব্যাট হাতে আছেন দুর্দান্ত ছন্দে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও দারুণ শুরু করেছেন এই মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছেন, পরিস্থিতি বুঝে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তিনি। তাইতো রিয়াদের প্রশংসা করেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সোমবার (১০ জুন) রাত ৮.৩০ মিনিটে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে উপস্থিত হন লঙ্কান কোচ হাথুরু। এ সময় মাহমুদউল্লাহর পারফরম্যান্স নিয়ে বলেন, ‘আমি সব সময়ই তার খেলা শেষ করে আসতে পারার সক্ষমতায় মুগ্ধ। এজন্যই সে এমন জায়গায় ব্যাট করছে। তার অনেক অভিজ্ঞতা আছে, যখন দল চাপে থাকে তখন মাঠের মধ্যে সবচেয়ে শান্ত থাকাদের একজন সে। তার ভূমিকাটা ভালো জানে।’
‘আমি খুবই আনন্দিত। কারণ ইনিংসের মাঝখানে
আমি তাকে বলেছিলাম, তার কাছে একটা জিনিসই চাই যেন সে শেষ অবধি ব্যাটিং করে। এরপর যা
হওয়ার হোক, সে সেটা করেছে। আর এটা প্রথমবার না যখন সে এমন করল। রিয়াদ বড় ম্যাচের পারফরমার।
বেশির ভাগ বিশ্বকাপেই আমাদের জন্য ভালো কিছু করেছে।’-যোগ করেন হাথুরু।