প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৭:৪৭ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪ ১৮:৩৬ পিএম
সৌম্যকে নিয়ে চিন্তিত হলেও আশাবাদী হাথুরু— সংগৃহীত ছবি
ব্যাটে রান নেই, সৌম্য সরকারের আউট হওয়ার ধরন নিয়েও জমছে প্রশ্ন। দলে তার ভূমিকাও প্রশ্নবিদ্ধ। বিশ্বকাপে এখন এমন অবস্থা, সৌম্যর দলে থাকা নিয়েও দোদুল্যমান অবস্থা। বাজে পারফর্ম ধারাবাহিক হওয়া সৌম্যকে নিয়ে চিন্তার জায়গা আছে, মানছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। একই সঙ্গে কোচ টেনেছেন পুরো ব্যাটিং ইউনিটের ব্যর্থতার কথা।
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে শুরু করার দিনে ব্যাটাররা খাবি খেয়েছিলেন। টপ অর্ডার ব্যর্থ ছিলেন সেদিনও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ সামনে রেখে জমেছে সংশয়। সার্বিক অবস্থায় হাথুরুসিংহে অবশ্য শুধু সৌম্য সরকারকে একপাক্ষিক দোষ চাপাতে চাচ্ছেন না। একটু ঘুরিয়ে দলের বাকিদের নিয়েও দুশ্চিন্তার কথা বলেছেন।
ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর শ্রীলঙ্কার বিপক্ষেও শূন্য রানে আউট হন সৌম্য। তার ব্যাপারে হাথুরুসিংহের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন, ‘শুধু সৌম্য না, আমরা সবার সঙ্গেই কথা বলছি। তাদের খেলা, শক্তির জায়গাগুলো, প্রতিপক্ষ, তারা কী চায়; সবকিছু নিয়েই কথা হয়। কিন্তু এরপর মাঠে গেলে, ওখানে শুধু তারাই থাকে। তাদের নিজেদের খেলাটা বুঝতে হবে আর কী অনুভব করছে সেটাও। এখানে টেকনিক্যাল কোনো ব্যাপার নেই।’
শক্তির জায়গা ধরে খেলার বার্তা দিয়েছেন দলের সবাইকেই, ‘কেবল তার (সৌম্য) ব্যাপার না, বাকিরাও যেভাবে আউট হয়েছে, এখানে কিছু করার নেই। আমার মনে হয় তাদের স্থির হয়ে নিজেদের শক্তির জায়গা নিয়ে ভাবতে হবে, কোনটা তারা ভালো করে এমনকি না ভেবেই বের করতে হবে। যখন আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে, স্বাভাবিকভাবেই আপনি অটো মুডে চলে যাবেন। আপনাকে কেবল গিয়ে নিজের শক্তির জায়গা চিন্তা করে খেলতে হবে। যেকোনো ব্যাটারের জন্যই এটা বার্তা।’
আজ রাত ৮.৩০ মিনিটে বাংলাদেশ মোকাবিলা করবে দক্ষিণ আফ্রিকার। নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের খেলাটিতে হাথুরু আশাবাদী তার দল পুরোনো ভুলগুলো নতুন করে করবে না।