প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ২৩:৩৯ পিএম
আপডেট : ০৯ জুন ২০২৪ ০৩:৩৭ এএম
শিরোপা হাতে হাস্ব্যোজ্জ্বল ইগা শিয়াটেক
প্রথমবারের মতো মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন জেসমিন পাওলিনি। স্বপ্ন ছিল বাজিমাত করার। রূপকথার গল্প লেখার। কিন্তু সুপারস্টার ইগা শিয়াটেক সেটা হতে দেননি। ইতালিয়ান প্রতিপক্ষের হৃদয় ভেঙে ফরাসি ওপেনে শিরোপা জয়ের হ্যাটট্রিক করলেন এ পোলিশ তারকা। রোলাঁ গারোঁর ক্লে-কোর্টে আধিপত্য ধরে রেখে চ্যাম্পিয়ন হলেন ৬-২ ও ৬-১ গেমে জিতে।
প্যারিসের গ্র্যান্ড স্ল্যাম আসরে এ নিয়ে চতুর্থ শিরোপা জিতলেন ২৩ বছরের শিয়াটেক। টেনিস উন্মুক্ত যুগে সর্বকণিষ্ঠ খেলোয়াড় হিসেবে লাল দুর্গে চারবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তিও গড়লেন পোল্যান্ডের এ মেগাস্টার। আর সব মিলিয়ে তার মেজর ট্রফির সংখ্যা দাঁড়াল পাঁচে। ২০২২ সালে ইউএস ওপেনের শিরোপা ঘরে তুলেছিলেন এ শীর্ষ বাছাই।
টুর্নামেন্টের ১২তম বাছাই ২৮ বছরের পাওলিনিকে হারিয়ে বিরল এক রেকর্ডে ভাগ বসালেন শিয়াটেক। ১৯৬৮ সালে টেনিসের উন্মুক্ত যুগ শুরু হওয়ার পর মনিকা সেলেস ও জাস্টিন হেনিনের সঙ্গে যৌথভাবে মেয়েদের এককে গ্র্যান্ড স্ল্যাম জয়ের হ্যাটিক করলেন শিয়াটেক।
ফাইনালে প্রতিপক্ষ পাওলিনিকে পাত্তাই দেননি শিয়াটেক। উড়িয়ে দেন মাত্র ৬৮ মিনিটেই। দুর্বার এ জয়ের পর উচ্ছ্বাসের ঢেউয়ের তোড়ে হাঁটুগেড়ে বসে পড়েন। পরে কোর্ট জুড়ে নেচে বেড়ান বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ তারকা। শিরোপা জয়ের খুশির জোয়ারে ভেসে শিয়াটেক বলেন, ‘এই জায়গাটা (প্যারিস) আমার খুব প্রিয়। প্রতি বছরই এখানে খেলার জন্য মুখিয়ে থাকি।’
ট্রফি হাতছাড়া করে রাজ্যের হতাশায় ডুবে ছিলেন পাওলিনি। তবে রানার্স-আপ হয়েও চ্যাম্পিয়ন কন্যা শিয়াটেককে অভিনন্দন জানাতে ভুলেননি ইতালির এ স্টার খেলোয়াড় বলেন, ‘তোমাকে (শিয়াটেক) এখানে মোকাবিলা করা টেনিস খেলার সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।'