স্টার স্পোর্টসকে তামিম ইকবাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১৬:২৯ পিএম
এই জয়টা খুব প্রয়োজন ছিল বলে মনে করেন তামিম— প্রবা কোলাজ
শেষ কয়েক সপ্তাহ মোটেও ভালো যায়নি। যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার, ভারত ম্যাচে পর্যদুস্ত এবং ব্যাটিং অর্ডারের দৈন্যদশা— সব মিলিয়ে বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নে দেখা দিয়েছিল শঙ্কা। তা যেন নিমিষে উবে গেল। শ্রীলঙ্কার বিপক্ষে আজ ডালাসে পাওয়া জয়টি মানসিকভাবে বিপর্যস্ত নাজমুল হোসেন শান্তদের পরিত্রাণ দেবে। টাইগারদের সাবেক অধিনায়ক তামিম ইকবালের মতে, খুব বাজে সময়ে কুড়ি কুড়ির বিশ্বকাপ শুরুর ম্যাচের এই জয়টি মহামূল্যবান।
গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে স্নায়ুচাপী ম্যাচে বাংলাদেশ জিতেছে ২ উইকেটে। শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া জয়টি শেষ আটের বড় পাথেয়। তামিম মনে করেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় জয়টা খুবই দরকার ছিল। সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের এক অনুষ্ঠানে তামিম দলের পাশাপাশি আলাদা করে প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকেও।
তামিমের মতে লঙ্কাবধে স্বাভাবিক পরিস্থিতি আসবে দলে, ‘জয়টা খুব দরকার ছিল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর অনেক সমালোচনা হয়েছে। তাই এই জয় দলের জন্য খুব বড় ব্যাপার। ক্রিকেটাররা এখন মানসিকভাবে স্থির হতে পারবে। নিজেদের খেলাটা নিয়ে আরও ভালোভাবে ভাবতে পারবে। ’
ডালাসে ৩ উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মুস্তাফিজ। পুরো ম্যাচে তার পারফরম্যান্স মনে ধরেছে তামিমের, ‘মোস্তাফিজের পারফরম্যান্স ভালো লেগেছে। কিছুদিন আগেও ভালো খেলতে পারছিল না, বাদও পড়েছিল। পরে আইপিএলে গিয়ে (মহেন্দ্র সিং) ধোনির সঙ্গে খেলেছে। এরপর থেকে তাকে ভিন্ন এক বোলার মনে হচ্ছে। শান্তভাবে খেলছে। ও ভালো খেললে বিশ্বকাপে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা বেড়ে যাবে।’