× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরাসি ওপেন ফাইনাল

শিয়াটেকের হ্যাটট্রিক না পাওলিনির প্রথম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১২:৩৬ পিএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১২:৩৬ পিএম

ইগা শিয়াটেক ও জেসমিন পাওলিনি

ইগা শিয়াটেক ও জেসমিন পাওলিনি

রোলাঁ গারোঁর ফাইনাল বড়ই পয়া তার জন্য! শিরোপা নির্ধারণী ম্যাচ খেলা মানেই তার হাতে ট্রফি। সাম্প্রতিক বছরগুলোতে ফরাসি ওপেনে এটা যেন ইগা শিয়াটেকের জন্য অলিখিত একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। ফাইনালে পোলিশ তারকার নাম লেখা মানেই যেন প্রতিপক্ষের কপাল পোড়া! গত চার বছর যাবৎ ক্লে-কোর্টের এ গ্র্যান্ড স্ল্যাম আসরে এটাই হয়ে আসছে। ২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এক বছর বিরতি দিয়ে ঘরে তোলেন টানা দুই শিরোপা।

২০২২ ও ২০২৩ সালের চ্যাম্পিয়ন শিয়াটেক এবারও নিজের নাম লিখেছেন ফাইনালে। বছরের দ্বিতীয় মেজর আসরে হ্যাটট্রিক শিরোপা জয়ের হাতছানি এখন তার সামনে। চ্যাম্পিয়ন হলে সব মিলিয়ে শিয়াটেকের শোকেসে শোভা পাবে চারটি ফ্রেঞ্চ ওপেন ট্রফি। ইউএস ওপেন দিয়ে তার গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়াবে পাঁচে। সেজন্য দরকার এখন আরও একটি জয়।

প্রথম রাউন্ড থেকে সেমিফাইনাল- একে একে সব বৈতরণী পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছেন শিয়াটেক। গত পাঁচ বছরে এ নিয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠলেন চতুর্থবার। শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে শিয়াটেকের প্রতিপক্ষ জেসমিন পাওলিনি। শিরোপা মাথার ওপর উঁচিয়ে ধরতে আজ শনিবার ইতালিয়ান এ খেলোয়াড়কেই মোকাবিলা করবেন শিয়াটেক।

পোলিশ তারকা শিয়াটেক ফাইনালে পা রাখেন সেমিফাইনালে দুর্বার পারফরম্যান্স উপহার দিয়ে। বৃহস্পতিবার মেয়েদের এককের শেষ চারের লড়াইয়ে মার্কিন তারকা কোকো গউফকে দাপটের সঙ্গে হারান চারটি গ্র্যান্ড স্লাম জয়ী এ শীর্ষ বাছাই। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে টানা তিন মৌসুম লাল দুর্গে শিরোপা জয়ের পথে শিয়াটেক।

সেমিতে ৬-২, ৬-৪ গেমে জিতে ২৩ বছরের এ সুপারস্টার বলেন, ‘দ্বিতীয় সেট ছিল তীব্র লড়াই। এতটা হাড্ডাহাড্ডি হওয়ার কারণ আমরা দুজনই ব্রেক করছিলাম। কিন্তু আমি খুশি যে আমার ট্যাকটিকসে লেগে ছিলাম এবং শেষ পর্যন্ত ওভাবেই খেলেছি।’

শিরোপা জয়ের লড়াইয়ে ফেভারিট শিয়াটেক। পোল্যান্ডের এই টেনিস মেগাস্টারের ফ্রেঞ্চ ওপেনে জয়-পরাজয়ের হিসাবটা- এখন ৩৪-২। এ আসরে টানা ২০ ম্যাচ জয়ের রেকর্ডের মালিকও তিনি। এর আগে চারবার গ্র্যান্ড স্লাম ফাইনালে উঠে একবারও হতাশ হতে হয়নি শিয়াটেককে। আজকে ফাইনাল জয়ের সেই ছন্দটা ধরে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান এ খেলোয়াড়।

আর প্রথমবারের মতো ফাইনালে উঠে টেনিস দুনিয়াকে চমকে দিয়েছেন ২৮ বছরের জেসমিন পাওলিনি। যিনি কি না কোনো গ্র্যান্ড স্ল্যামের আসরের ফাইনালে পৌঁছেছেন এই প্রথম। অঘটনের জন্ম দিতে রণকৌশল এঁটে চলেছেন এ ১২তম বাছাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা