× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ডাচ দুঃস্বপ্ন এড়াবে প্রোটিয়ারা?

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুন ২০২৪ ১১:২০ এএম

আপডেট : ০৮ জুন ২০২৪ ১১:২৮ এএম

ডাচ দুঃস্বপ্ন এড়াবে প্রোটিয়ারা?

নেদারল্যান্ডস নামটাই হয়তো দক্ষিণ আফ্রিকার কাছে এখন আতঙ্কের! অন্তত গত দুটি বিশ্বকাপে ডাচরা যে রূপকথা ঘটিয়েছে, তাতে প্রোটিয়াদের নড়েচড়ে বসার কথা। এবার বিশ্বমঞ্চে পুরোনো ভুল করতে চাইবেন না, এমন কথাও দিয়েছেন দলনেতা এইডেন মার্করাম। ডাচদের অধিনায়ক স্কট এডওয়ার্ডসকে ছুড়েছেন পাল্টা হুমকি, ‘নিউইয়র্কে জিততেই নামবে।’ নাসাউ কাউন্টি স্টেডিয়ামে আজ রাত ৮টা ৩০ মিনিটে আরেকটি ডাচ রূপকথা নাকি ‘দুঃস্বপ্ন’ এড়িয়ে প্রোটিয়াদের প্রতিশোধ— সেটাই দেখার অপেক্ষা।

টি-টোয়েন্টিতে শক্তি-সামর্থ্যের বিচারে প্রোটিয়াদের থেকে যোজন পিছিয়ে নেদারল্যান্ডস। র‌্যাংকিংয়েও যার স্পষ্ট ছাপ। তবে আইসিসির আসর হলেই জ্বলে ওঠেন ডাচরা। যার প্রভাব আছে পরিসংখ্যানেও। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুবার মুখোমুখি হয়েছে দুদল। দুবারই বিশ্বকাপের মঞ্চে। জয় সেখানে সবার সমান একটি করে। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা হেরে বসেছিল ডাচদের কাছে। আর ২০১৪ সালের বিশ্বকাপে ৬ রানে জিতেছিল প্রোটিয়ারা। এবার দুই দলের সামনেই এগিয়ে যাওয়ার লড়াই। শেষ আট নিশ্চিতের লড়াইও বটে!

সেই ধুন্ধুমার লড়াইয়ে বাগড়া দিতে পারে আবহাওয়া। তাছাড়া নাসাউয়ের উইকেট নিয়েও আছে সমালোচনা। পিচ যেভাবে আচরণ করছে তা ব্যাটারদের জন্য স্রেফ মৃত্যুকূপ। সেই ভেন্যুতেই দুদলের শীর্ষে ওঠার লড়াই। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ডাচরা হারিয়েছে নেপালকে, শ্রীলঙ্কাকে উড়িয়ে দুই পয়েন্ট জমা করেছে মার্করামরা। ভেন্যুর উইকেট নিয়ে বিতর্কের মাঝে বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়ে চোখ দুই পক্ষেরই। দুই দলই চাইছে জয়ের স্বাদ নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে। 

অবশ্য ম্যাচের দিকেই ফোকাস দিতে চান মার্করাম। বলা যায় না, ডাচরা যদি রূপকথা ঘটিয়ে বসেন। প্রোটিয়া অধিনায়কের ভাষায়, ‘নিউইয়র্কের এমন উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষে খেলাটা কঠিনই ছিল। তারপরও সাফল্যের সঙ্গে ম্যাচটি শেষ করতে পেরেছিলাম আমরা। আমাদের এখন মূল ফোকাস নেদারল্যান্ডস ম্যাচের দিকে। জয়ের ধারা অব্যাহত রেখে এককভাবে শীর্ষে উঠতে চাই আমরা।’

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডসও চিন্তিত মাঠটি নিয়ে, তবে উইকেট যেমন আচরণ করুক ডাচদের চোখ রূপকথায়, ‘নিউইয়র্কের উইকেট নিয়ে ধারণা নেই আমাদের। যা শুনেছি বা দেখেছি, তাতে ভয়ংকরই লাগছে। তবে আশা করছি, কালকের (আজ) ম্যাচে উইকেট ভালো আচরণ করবে। যেহেতু আইসিসি এখন নজরদারি করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

নাসাউয়ের উইকেটের দুঃস্বপ্ন কাটিয়ে ওঠার পাশাপাশি প্রোটিয়ারা কি ডাচ দুঃস্বপ্নও কাটিয়ে উঠতে পারবে? নাকি আরেকটি ডাচ রূপকথা দেখবে বিশ্ব— সময় দেবে উত্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা