প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৪ ০০:১২ এএম
আপডেট : ০৮ জুন ২০২৪ ১১:০৯ এএম
কানাডার ক্রিকেটারদের জয়ের উল্লাস
অভিজ্ঞতায় এগিয়ে ছিল আয়ারল্যান্ড। মাঠের লড়াইয়ে তাই ফেভারিট ছিল তারাই। কিন্তু খেলাটা যে টি-টোয়েন্টি! তাতেই পাল্টে গেল হিসাবনিকাশ। আইরিশদের ১২ রানে হারিয়ে দিল কানাডা। ২০ ওভারের এবারের বৈশ্বিক আসরে এই প্রথম জয়ের দেখা পেল ক্যাপ্টেন সাদ বিন জাফরের দল।
কানাডার বিশ্বকাপ শুরু হয়েছিল হার দিয়ে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৭ উইকেটে হার মেনেছিল তারা। এবার দ্বিতীয় ম্যাচে এসে জয় ছিনিয়ে নিল কানাডিয়ান ক্রিকেটাররা। আর আয়ারল্যান্ড নিজেদের প্রথম ম্যাচে ধরাশায়ী হয়েছিল ভারতের কাছে। ৮ উইকেটের হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছিল আইরিশরা। এ নিয়ে টানা দুই ম্যাচ হারল ইউরোপিয়ান দলটি।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ঝলক দেখান ম্যাচসেরা নিকোলাস কির্টন। ১ রানের জন্য মিস করেন ফিফটি। ৩৫ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলে ফেরেন সাজঘরে। শ্রেয়াস মোভা দলীয় স্কোরে যোগ করেন ৩৭ রান। দুজনের ব্যাটিংদৃঢ়তায় ৭ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি গড়ে কানাডা।
আইরিশদের জার্সিতে ক্রেইগ ইয়াং ও বেরি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও গারেথ ডেলানি।
লক্ষ্য তাড়া করতে নেমে সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। ৭ উইকেট হারিয়ে ১২৫ রানেই গুটিয়ে যায় তারা। মার্ক অ্যাডায়ার ৩৪ রান এনে দিয়ে সাহস জুগিয়েছিলেন ঠিকই, কিন্তু ফিনিশিংটা হয়নি ভালো। তাইতো জর্জ ডকরেল ৩০ রানে অপরাজিত থেকেও আয়ারল্যান্ডকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি।
কানাডার হয়ে জেরেমি গর্ডন ও ডিলন হেইলিগার পান ২টি করে উইকেট। আর ১টি করে উইকেট ভাগ করেন জুনাইদ সিদ্দিকি ও সাদ বিন জাফর।