× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইতিহাস গড়তে পেরে গর্বিত সাকিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুন ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৪ ২১:০৯ পিএম

ইতিহাস গড়তে পেরে গর্বিত সাকিব

টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানে শনিবার (৮ জুন) মাঠে নামবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে মাঠে নামলেই ইতিহাস গড়বেন সাকিব আল হাসান। বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কুড়ি কুড়ির বিশ্বকাপে নয়টি আসরেই খেলার গৌরব অর্জন করবেন তিনি। বিশ্বমঞ্চে ইতিহাস গড়তে পেরে গর্বিত টাইগার পোস্টারবয়। 

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে মাঠে নামার আগে আইসিসিকে সাক্ষাৎকার দিয়েছেন সাকিব। শুক্রবার (৭ জুন) সংস্থাটির ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে টানা নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার অনুভূতি জানিয়েছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সব আসরে খেলতে পেরে আমি নিজেকে বিশেষাধিকারপ্রাপ্ত মনে করছি। সব আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অনেক গর্বিত ও খুশি।’

কিছু দিন আগে ‘দ্য গ্রিন রেড স্টোরি’ নামে বিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছিলেন, আরও একটি বিশ্বকাপে খেলতে চান তিনি। এবার আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারেও একই অভিপ্রায় প্রকাশ করেছেন তিনি, ‘বিশ্বকাপ আসরগুলোতে আমি অনেক বেশি স্মৃতি ও অভিজ্ঞতা অর্জন করেছি। আশা করি, আরও কয়েকটা আসর আসছে (খেলতে পারব)।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ৪৭টি উইকেট নিয়ে সর্বাধিক উইকেট শিকারি সাকিব। এবারের আসরে প্রথম কোনো বোলার হিসেবে উইকেটের ফিফটি করার সুযোগ পাচ্ছেন তিনি। ব্যাট হাতেও ৩৫ ইনিংসে ১২২.৪৪ স্ট্রাইকরেটে তিন ফিফটিতে ৭৪২ রান রয়েছে তার নামের পাশে। আছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে ব্যাটসম্যানদের তালিকায় আট নম্বরে। আর অলরাউন্ডার হিসেবে তার অবস্থান সবার ওপরে।

আইসিসি প্রকাশিত ভিডিওতে বাংলাদেশের নাম বিশ্বক্রিকেটে উজ্জ্বল করা সাকিবকে নিয়ে কথা বলেছেন বেশ কয়েকজন টাইগার ক্রিকেটার। তারকা পেসার তাসকিন আহমেদ বলেন, ‘সাকিব আল হাসান মানে কিংবদন্তি। নিজের ধরনে ক্রিকেট খেলেও কীভাবে বিশ্বক্রিকেটে বড় তারকা হওয়া যায়, তিনি সেই ‍উদাহরণ তৈরি করেছেন। তিনি বাংলাদেশ ক্রিকেট এবং আমাদের জন্য ওই নমুনা দেখিয়েছেন।’

আরেক পেসার শরিফুল ইসলাম বলেন, ‘আমাদের জন্য অনেক বড় পাওয়া। সিনিয়র-জুনিয়র সবাইকে তিনি অনেক ভালোভাবে সমর্থন করেন। তার সঙ্গে ড্রেসিংরুম ভাগ করতে পারা আমাদের জন্য গর্বের।’

সাকিবের খেলার ধরন ও চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা অনুপ্রেরণা জোগায় বলে জানান তানজিম হাসান সাকিব, ‘ক্যারিয়ারের শুরু থেকেই ভালো পারফর্ম করে আসছেন সাকিব ভাই। যা এখনও বজায় রয়েছে। তিনি দেখিয়েছেন কীভাবে আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয় এবং আত্মবিশ্বাস ধরে রাখতে হয়। তিনি সব সময় চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, যা আমাদেরও অনেক অনুপ্রাণিত করে।’

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপে প্রতি আসরেই অংশগ্রহণ করেছে বাংলাদেশ। অথচ মারকাটারি এই আসরে নেই তেমন কোনো অর্জন। একইভাবে নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিবও। এবার টুর্নামেন্টের নবম আসরে অতীতের সেই আক্ষেপ ঘোচাতে মরিয়া টাইগাররা। আপাতত টাইগারভক্তদের নজর চলতি আসরে, সেখানে দেশের ক্রিকেটের বড় এই পোস্টারবয় কেমন পারফর্ম উপহার দেন সেটাই দেখার বিষয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা