টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৯:০৯ পিএম
হারিস রউফের বিরুদ্ধে
বল টেম্পারিংয়ের অভিযোগ উঠেছে। পাকিস্তানের গতি তারকার বিরুদ্ধে এমন বড় অভিযোগ তুলেছেন
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার জুয়ান রাস্টি থেরন। তবে রউফ আদৌ বল টেম্পারিং করেছেন কি
না, এ বিষয়ে কিছু জানায়নি আইসিসি। এমনকি থেরন ছাড়া আর কেউ কোনো ধরনের অভিযোগ তোলেননি।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) ডালাসে সুপার ওভারের রোমাঞ্চে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। অবিস্মরণীয় জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রউফ বল টেম্পারিং করেছেন বলে দাবি করে একটি পোস্ট করেন ৩৮ বছর বয়সি থেরন।
টুইট বার্তায় তিনি লিখেছেন, ‘আইসিসি, পাকিস্তানের কিছুক্ষণ আগে পাল্টানো বলে ছালচামড়া আঁচড়ে তুলে ফেলাটা কি আমরা না দেখার ভান করে থাকব? মাত্র দুই ওভার আগে পাল্টানো বল রিভার্স সুইং করছে! হারিস রউফের বুড়ো আঙুলের নখ দিয়ে বলের ওপর আঁচড়ানো সবাই দেখেছে।’
২০১০ সালে দক্ষিণ
আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় থেরনের। দুই বছরে ৪টি ওয়ানডে ও ৯টি টি-টোয়েন্টি
ম্যাচ খেলার পর আর জায়গা না পেলে পরে যুক্তরাষ্ট্র দলে যোগ দেন তিনি। সব মিলিয়ে মোট
১৮টি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডান হাতি এই পেসার।