প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৪:৩২ পিএম
এমবাপে-হলান্ড-ডি ব্রুইনা
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে মর্যাদাকর টুর্নামেন্ট ইউরো চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বেলজিয়াম। তার অংশ হিসেবে ব্রাসেলসে বুধবার রাতে প্রীতি ম্যাচে মন্টেনিগ্রোকে ২-০ গোলে ধরাশায়ী করেছে বেলজিয়াম। বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা দেশের জার্সিতে নিজের শততম ম্যাচ রাঙিয়ে নিয়েছেন দারুণ এক গোলে।
জয়ের পর যারপরনাই খুশি ডি ব্রুইনা বলেন, ‘বেলজিয়ামে নিজের শততম ম্যাচ খেলতে পেরে ভালো লাগছে। শুরুটা ভালো হলো। গোল করতেও ভালো লেগেছে।’
ইউরোর প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে ফ্রান্সও।লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক ফরাসিরা। কিলিয়ান এমবাপে নিজে গোল করেছেন। সঙ্গে সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন।
আর অসলোর প্রীতি ম্যাচে হ্যাটট্রিক করেছেন আর্লিং হলান্ড। তার নৈপুণ্যে কসোভোর বিপক্ষে নরওয়ে জয় ছিনিয়ে নিয়েছে ৩-০ গোলে। ইংলিশ প্রিমিয়ার লিগের বিদায়ী মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হলান্ডের বর্ণিল ক্যারিয়ারে এটি ২২তম হ্যাটট্রিক। বিরতির আগে একটি ও দ্বিতীয়ার্ধে দুটি গোল উপহার দেন হলান্ড।
অন্যদিকে হ্যাটট্রিক করেছেন মিকেল ওয়ারজাবাল। তার দুর্দান্ত পারফরম্যান্সে গোল উৎসব করেছে স্পেন। স্প্যানিশরা ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে অ্যানডোরাকে।