× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্বকাপ ফুটবল বাছাই

বাংলাদেশ-অস্ট্রেলিয়া, অসম লড়াইয়ে প্রাপ্তির আশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৪ ১৪:১৮ পিএম

কিংস অ্যারেনায় ম্যাচের আগের দিন বুধবার অনুশীলন করে বাংলাদেশ ফুটবল দল। ছবি : আ. ই. আলীম

কিংস অ্যারেনায় ম্যাচের আগের দিন বুধবার অনুশীলন করে বাংলাদেশ ফুটবল দল। ছবি : আ. ই. আলীম

ফুটবলে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের পার্থক্যটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাকারুসরা খেলে আসছে টানা চার বিশ্বকাপের মূল পর্বে, বাংলাদেশের দৌড় সেখানে সাফ চ্যাম্পিয়নশিপ। এর বাইরে এশিয়ান কাপে খেলাটাই বড় স্বপ্ন লাল সবুজের জার্সিধারীদের। কঠিন সেই প্রতিপক্ষের বিপক্ষে আজ বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের খেলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অসম এই লড়াইয়ে তারপরও প্রাপ্তির আশা স্বাগতিকদের। ম্যাচটি শুরু হবে বিকাল পৌনে ৫টায়; সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

বাছাইপর্বে বাংলাদেশ পড়েছে ‘আই’ গ্রুপে। চার খেলা শেষে শতভাগ জয় নিয়ে টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। সমান খেলায় দুই জয় এবং একটি করে হার ও ড্রয়ে ৭ পয়েন্ট পেয়ে দুইয়ে ফিলিস্তিন। তিনে থাকা লেবানন দুটি ড্রয়ের সুবাদে দুই পয়েন্ট নিয়ে আছে তিনে। এই তালিকার সবার নিচে অবস্থান বাংলাদেশের। সাফল্য বলতে ঘরের মাঠে লেবাননের বিপক্ষে ১-১ গোলের ড্র। এবার অবশ্য ভিন্ন কিছু করতে চায় বাংলাদেশ। ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে অন্তত ড্রয়ে চোখ বাংলাদেশের। কিংস অ্যারেনার মাঠে বাংলাদেশ দলের রেকর্ড ভালো। বিশেষ করে সমর্থকরা পুরো ম্যাচই মাতিয়ে রাখে। অতিথিদের বিপক্ষে কোচ হাভিয়ের কাবরেরা নিজেদের মাঠে সেই সুযোগটা নিতে চাইছেন, ‘এটা শুধু আমাদের জন্য নয়, সমর্থকরাও অপেক্ষা করে আছে। সবাই ম্যাচটির দিকে তাকিয়ে আছি। আমরা নিজেদের মাঠে অনেকটাই শক্তিশালী। তা সব প্রতিপক্ষের বিপক্ষেই। সুতরাং আমরা তৈরি খেলার জন্য।’

কিংস অ্যারেনায় ম্যাচের আগের দিন বুধবার অনুশীলন করে বাংলাদেশ ফুটবল দল। ছবি : আ. ই. আলীম

এর আগে প্রথম পর্বের খেলায় মেলবোর্ন থেকে ৭-০ গোলে হেরে এসেছিল বাংলাদেশ। সেটির পুনরাবৃত্তি করতে চায় না লাল সবুজের দল। কোচের কথাই পরিষ্কার, অন্তত নিজেদের জাল অক্ষত রাখাই হবে বড় চ্যালেঞ্জ, ‘আমরা বিশ্বাস করি মানসিকভাবে লড়াই করতে পারব। আত্মবিশ্বাস বাড়াতে হবে, মানসিকভাবে শক্তিশালী হতে হবে। খেলায় অনেক কিছু হতে পারে। তবে আমরা শুরুতেই গোল হজম করব না। জেতার জন্য সুযোগ পাব। আমাদের লড়াই করতে হবে। জানি ম্যাচটি কতটা চ্যালেঞ্জিং। আশা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারব।’ 

অতীত ভুলে এই ম্যাচটাকে স্রেফ নতুন একটা ম্যাচ বলে দাবি করলেন অস্ট্রেলিয়ার কোচ গ্রাহাম আর্নোল্ড। এ ছাড়া স্বাগতিক সমর্থকদের নিয়েও চিন্তা নেই তার। আর্জেন্টিনার বিপক্ষে চীনে প্রায় ৮০ হাজার দর্শকের বিপক্ষে খেলার অভিজ্ঞতাও স্মরণ করিয়ে দিলেন তিনি। প্রতিপক্ষের প্রতি অবশ্য সমীহ রেখেই কথা বলেছেন আর্নোল্ড, ‘বাংলাদেশ এবার নিজের মাঠে খেলবে। এই বাংলাদেশকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। অস্ট্রেলিয়া দলকে গরম আবহাওয়ার মধ্যে খেলতে হবে। আমরা জানি ঘরের মাঠে ওরা সম্পূর্ণ ভিন্ন দল। এটা ঠিক যে, নভেম্বরে এই বাংলাদেশকেই আমরা নিজেদের মাঠে ৭ গোলে হারিয়েছিলাম। কিন্তু সেটা অতীত। কাল (আজ) সম্পূর্ণ নতুন একটা ম্যাচ।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা