প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২৩:৩২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪ ১২:১১ পিএম
ফিফটি হাঁকান রোহিত শর্মা
প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে আশায় ছিলেন ক্রিকেট অনুরাগীরা। ভারতের বিপক্ষে লড়াইটা জমে উঠবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ছোট দলগুলো যখন জায়ান্টদের চোখ রাঙিয়ে যাচ্ছে। তখন এমন আশা করাটাই স্বাভাবিক। কিন্তু বাস্তবে তেমন কিছুই হলো না। আইরিশদের নিয়ে ছেলে খেলা করল ভারত। একপেশে ম্যাচে হেসে-খেলে ৮ উইকেটে জিতল রোহিত শর্মারা। জয়টা এলো ৪৬ বল হাতে রেখেই।
জাসপ্রিত বুমরাহর আগুনে বোলিংয়ের সঙ্গে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিং। ত্রয়ীর পেস তোপে মাত্র ৯৬ রানেই বিধ্বস্ত হয় আয়ারল্যান্ড। আইরিশদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৬ রান করেন গ্যারেথ ডিলানি। তাসের ঘরের মতো উড়ে যাওয়া ব্যাটিং লাইনআপে জশ লিটল ১৪, কার্টিস ক্যাম্ফার ১২ ও লরকান টাকার ১০ রানের বেশি তুলতে পারেননি। আসা-যাওয়ার মিছিলে যোগ দিয়ে বাকি ব্যাটাররা সন্তুষ্ট থেকে যান সিঙ্গেল ডিজিটে।
ভারতের জার্সি গায়ে হার্দিক তিনটি উইকেট শিকার করেন। দুটি করে উইকেট নেন বুমরাহ ও আর্শদীপ। ৩ ওভারে ৬ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা বনে যান বুমরাহ। সঙ্গে পান একটা মেডেনও।
লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে জ্বলে উঠেন রোহিত শর্মা (৫২)। ফিফটি হাঁকিয়ে রিটায়ার্ড হার্ট হয়ে ফেরেন সাজঘরে। খারাপ সময়টা পেরিয়ে অবশেষে হাসল ক্যাপ্টেনের ব্যাট। আইপিএল জুড়ে রান খরায় ভুগে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৬৮ রানের ইনিংস খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের সাবেক এ অধিনায়ক। এবার বিশ্বকাপে পা রেখেই পেলেন রানের দেখা। তার সঙ্গে ঝলক দেখালেন রিশব পন্থও (৩৬*)। তাতে ধরা দিলো বিশাল এক জয়। ১২.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েই ৯৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারতীয়রা।
আইরিশদের হয়ে একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইট।
তার আগে নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।