× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফরাসি ওপেন থেকে ছিটকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও হারাচ্ছেন জোকোভিচ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ২২:১৪ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ২২:১৬ পিএম

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

একে তো ফর্মটা ভালো যাচ্ছিল। তার ওপর কোর্টের লড়াইয়ে ছন্দটা ধরে রেখেছিলেন। তাতেই দুর্বার গতিতে এগিয়ে চলছিলেন নোভাক জোকোভিচ। জয়ের দারুণ সব গল্প লিখে সার্বিয়ান সুপারস্টার পৌঁছে গিয়েছিলেন ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে।

চতুর্থ রাউন্ড পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু শেষ আটে এসে দুর্ভাগ্যটাই সঙ্গী হলো তার। ক্লে-কোর্টের মেজর টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জোকোভিচ। হাঁটুর চোটের জন্য বিদায় নিলেন সেমিফাইনালে ওঠার আগেই।

চতুর্থ রাউন্ডে ৪ ঘণ্টা ৩৯ মিনিটের লড়াই শেষে ৬-১, ৫-৭, ৩-৬, ৭-৫ ও ৬-৩ গেমে আর্জেন্টাইন প্রতিপক্ষ ফ্রান্সিসকো সেরুনদোলোকে হারান জোকোভিচ। সেই ম্যারাথন ম্যাচ জিততে গিয়েই রোলাঁ গারোর ‘পিচ্ছিল’ ক্লে কোর্টে নিজের হাঁটুর বারোটা বাজিয়েছেন।

মঙ্গলবার স্ক্যান রিপোর্টে সেটাই ধরা পড়ে। উপায়ান্তর না দেখে শীর্ষ বাছাই জোকোভিচ কোয়ার্টার ফাইনাল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। ৩৭ বছরের এ মেগাস্টারের কাছ থেকে ওয়ার্কওভার পেয়ে বিনা লড়াইয়ে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম আসরের শেষ চারের টিকিট কেটেছেন সপ্তম বাছাই নরওয়েজিয়ান তারকা ক্যাসপার রাড।

স্ক্যান রিপোর্ট বলছে, জোকোভিচের ডান হাঁটুর মেডিয়াল মেনিসকাস ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণেই ভক্তদের মন খারাপ করা খবর দিয়ে রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লাম জয়ী বলেন, ‘সত্যি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাকে নাম প্রত্যাহার করতে হচ্ছে। আমি এবং আমার দল খুবই সতর্কতার সঙ্গে চিন্তাভাবনা ও পরামর্শ শেষে কঠিন এই সিদ্ধান্ত নিয়েছি।’

অস্ট্রেলিয়ান টেনিস কিংবদন্তি মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাওয়ার স্বপ্ন বুনেছিলেন জোকোভিচ। প্যারিসের কোর্টেই গড়তে চেয়েছিলেন সর্বকালের ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড। কিন্তু ইনজুরির কারণে সেটা এখনই সম্ভব হলো না। তার মানে নতুন কীর্তি গড়তে অপেক্ষাটা আরও একটু বাড়িয়ে নিলেন জোকোভিচ।

অন্যদিকে টুর্নামেন্ট থেকে বাদ পড়ায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানও হারাতে যাচ্ছেন ৩৭ বছরের এ টেনিস মহাতারকা। লাল দুর্গের আসর শেষে তাকে টপকে র‌্যাঙ্কিংয়ের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান বনে যাবেন ইতালির জ্যানিক সিনার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা