প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৮:৩৭ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ১৮:৩৮ পিএম
আইসিসির অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ ফিরে পেয়েছেন সাকিব— সংগৃহীত ছবি
গত এক সপ্তাহ ভালো কাটেনি শ্রীলঙ্কার। হেরে বসেছে তিন ম্যাচের দুটিতে। বাজে শুরু হয়েছে বিশ্বকাপেও। লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গারও ছিলেন না আপ টু দ্য মার্ক। যার প্রভাব পড়েছে আইসিসি অলরাউন্ড র্যাংকিংয়ে। শীর্ষ হাতছাড়া হয়েছে হাসারাঙ্গার। কোনো ম্যাচ না খেলে তাতেই মসনদে বসেছেন সাকিব আল হাসান।
টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ খুইয়ে ছিলেন সাকিব। কুড়ি কুড়ির ফরম্যাটের সম্রাজ্য পুনরুদ্ধারে বেশি সময় অপেক্ষা করতে হয়নি টাইগার এই অলরাউন্ডারকে। আইসিসির হালনাগাদে এখন ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে সাকিব।
এক পয়েন্ট কম অর্থাৎ ২২২ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছেন হাসারাঙ্গা। তিনে থাকা মোহাম্মদ নবির নামের পাশে ২১২ রেটিং পয়েন্ট। তালিকায় ২১০ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
বিশ্বকাপের মার্কিন মুলুকে যাওয়ার আগে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন হাসারাঙ্গা। গত সপ্তাহে সাকিবকে পেছনেও ফেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে হারের দিনে বোলিংয়ে অবদান রাখলেও ব্যাটিংয়ে খেই হারিয়েছিলেন লঙ্কান অধিনায়ক। তার প্রভাবই পড়েছে র্যাংকিংয়ে। মসনদও হারাতে হয়েছে হাসারাঙ্গাকে।