প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৮:০৭ পিএম
ট্রাভিস হেড। সংগৃহীত ছবি
গত দুই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে সম্পূর্ণ ভিন্নভাবে সামনে এনেছেন ট্রাভিস হেড। বাঁহাতি ওপেনার ২০২৪ সালে দুর্দান্ত ফর্মে ছিলেন। ১৮ ইনিংসে ৩৯ দশমিক ৩৫ গড়ে এবং ১৮৪ দশমিক ৩ স্ট্রাইক রেটে করেছেন ৬৬৯ রান। এ বছরের আইপিএলে শেষটা সুন্দর হয়নি, তবুও ৪০ দশমিক ৫ ব্যাটিং গড়ে ৫৬৭ রান করেছেন। দুশোর কাছাকাছি স্ট্রাইকরেট। এবার বিশ্বকাপে সেই ফর্মটা ফেরাতে চান তিনি।
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তিনি যা করেছেন অস্ট্রেলিয়া দলও তার কাছ থেকে তেমন পারফরম্যান্স প্রত্যাশা করে। বুধবার বার্বাডোসে ওমান ম্যাচের আগে সংবাদকর্মীদের হেড বলেছেন, ‘আমার কাছে দলের চাওয়া যেমন ছিল আমি সেটাই করতে চেয়েছি। আমি ভাগ্যবান ছিলাম, আমার ধারণা, সানরাইজার্স যে গেম প্ল্যান করেছে, আমিও তেমনটাই করতে চেয়েছিলাম। সেটি মিলে যাওয়াতে আমার জন্য কাজটা সহজ হয়েছে। এই দলে গত ১২ মাসে আমি যে ধরনের টি-টোয়েন্টি খেলেছি এখানেও সেটি অনুকরণ করার চেষ্টা করেছি। তবে ছন্দ থাকাটা খুব জরুরী। আমি কীভাবে খেলতে চাই কিংবা আইপিএলে যেভাবে খেলেছি সেটির ব্লুপ্রিন্ট করতে পারলে দারুণ হয়। যদিও এটি প্রতিবার ঘটবে না।’
আইপিএলে অভিষেক শর্মার সঙ্গে দুর্দান্ত ওপেনিং জুটি তৈরি করেছিলেন হেড। অস্ট্রেলিয়া দলে তিনি এখন ওপেনিংয়ে নামবেন ডেভিড ওয়ার্নারের সঙ্গে। ‘দেখুন দুজনই বাঁহাতি, কিন্তু আমি মনে করি আমরা একে অপরের ভালো বুঝতে পারি। আইপিএলের দিকে ফিরে তাকালে অভির (অভিষেক শর্মা) সঙ্গে ওপেনিংয়ে নামলে মনে হতো আমার সঙ্গে ডেভ (ওয়ার্নার)। সে পাওয়ার প্লেতে স্পিনের বিপক্ষে ব্যতিক্রমী একজন।’
অস্ট্রেলিয়ার প্রথম খেলা ওমানের বিপক্ষে। যারা সুপার ওভারে নামিবিয়ার কাছে হেরে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। ‘আপনাকে প্রতিটি প্রতিপক্ষকে আলাদা আলাদা করে বিবেচনা করতে হবে। আমরা যেমন বলেছি, টুর্নামেন্টটি ভালোভাবে শুরু করতে চাই। আমি জানি সবাই মাঠে নামতে উৎসুক হয়ে আছে। মাঠে সেরা ক্রিকেট খেলতে যা কিছু করার সেটিই করতে চাই।’