প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২৩:০৪ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৪ ২৩:০৭ পিএম
বিরাট কোহলি ও স্টিভেন স্মিথ
এবার কারা জিতবে টি-টোয়েন্টি বিশ্বকাপ? আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে এ নিয়ে ভবিষ্যদ্বাণী দেওয়ার পর্ব। কুড়ি ওভারের এ ক্রিকেট মহাযজ্ঞের পর্দা ওঠার পরও চলছে চুলচেরা বিশ্লেষণ। সম্ভাব্য সেমিফাইনালিস্টের সঙ্গে ফাইনালিস্ট নিয়েও চলছে যুক্তি-তর্ক।
চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ের সঙ্গে টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে কে কে আলো ছড়াবেন? এ নিয়েও শুরু হয়ে গেছে নানা আলোচনা। নামিদামি সাবেক-বর্তমান ক্রিকেটার, খ্যাতনামা ধারাভাষ্যকার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক-পণ্ডিতদের সঙ্গে সেই আড্ডার আলাপে যোগ দিলেন স্টিভেন স্মিথও।
আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু আজ। নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেই লড়াই গড়ানোর আগেই অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক জানালেন, এবারের বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হবেন বিরাট কোহলি।
ভারতের সাবেক অধিনায়ক কোহলিকে নিয়ে বাজি ধরার পেছনে যুক্তিও তুলে ধরেছেন এবারের বিশ্বকাপের ধারাভাষ্যকার স্মিথ। সদ্য শেষ হওয়া আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি গায়ে ১৫ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ৭৪১ রান। স্মিথের দৃঢ়বিশ্বাস, ডানহাতি এ তারকা ব্যাটার আইপিএলের এ দুরন্ত ফর্ম বইয়ে নিয়ে গেছেন বিশ্বকাপেও।
ক্রিকেট দুনিয়ার অভিভাবক সংস্থা আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, ‘বিশ্বকাপে শীর্ষ রান সংগ্রাহক হতে যাচ্ছে বিরাট কোহলি। আইপিএলে দারুণ খেলেছে। দারুণ ফর্মটা তার সঙ্গী হয়েছে। তাই আমার মতে, কোহলি হতে যাচ্ছে শীর্ষ রান সংগ্রাহক।’
অস্ট্রেলিয়ান স্মিথের সুরে কথা বলেছেন গ্রায়েম স্মিথও। প্রোটিয়া এ ক্রিকেট গ্রেটও বেছে নিয়েছেন কোহলিকে। তবে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলারও সেরা ব্যাটার হওয়ার লড়াইয়ে থাকবেন বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ ক্যাপ্টেন, ‘আমার মতে, শীর্ষ রান সংগ্রাহক হবে বিরাট কোহলি কিংবা জস বাটলার।’
২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহের রেকর্ড গড়েছিলেন কোহলি। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিকদের লিস্টেও সবার ওপরে তারকা এ ব্যাটার। এবারের আসরেও কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছুটবে বলেই মনে করেন স্মিথ।