প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ জুন ২০২৪ ০০:০২ এএম
আপডেট : ০৪ জুন ২০২৪ ১১:১৫ এএম
প্রোটিয়া বোলারদের দাপটে পথ হারাল লঙ্কানরা। সোমবার রাতে ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে আনরিখ নরকিয়ার আগুনঝরা বোলিংয়ে মাত্র ৭৭ রান তুলতেই দম ফুরিয়ে যায় শ্রীলঙ্কার। এ রান টপকাতে মোটেও বেগ পেতে হয়নি প্রোটিয়াদের। ২২ বল হাতে রেখেই জয় তুলে নেয় তারা। ৪ ওভার বোলিং করে মাত্র ৯ রান খরচায় ৪ উইকেট নেন স্পিড স্টার নরকিয়া।
তবে জয়ের জন্য ৭৮ রানের টার্গেটের সামনে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৩ রানে ২ উইকেট হারায় তারা। দ্বিতীয় ওভারেই লঙ্কান পেসার নুয়ান তুশারার বলে সাজঘরমুখো হন ওপেনার রিজা হেনড্রিকস (৩)। পরপরই বিদায়ঘণ্টা বাজে অধিনায়ক এইডেন মার্করামের (১২)। কিন্তু এ ধাক্কা সামলে নেন ওপেনার কুইন্টন ডি কক ও ত্রিস্তান স্টাবস। দ্বিতীয় উইকেট জুটিতে ২৮ রান যোগ করেন দুজনে। তারা আউট হওয়ার পর প্রোটিয়াদের পথ দেখান হেনরিখ ক্লাসেন ও ডেভিড মিলার।
সোমবার নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস জিতে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা কেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন, সেটা থাকল রহস্য হয়েই। বল হাতে শুরু থেকেই লঙ্কানদের ওপর কর্তৃত্ব শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম ২ ওভারে উইকেট আগলে রাখলেও রান তুলতে হিমশিম খেতে হয় লঙ্কান দুই ওপেনারকে। দলের তৃতীয় ও নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই প্রথম বলে উইকেট তুলে নেন পেসার ওটনেল বার্টম্যান। বিদায় নেন পাথুম নিশাঙ্কা (৩)। দ্বিতীয় উইকেটে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন কুশল মেন্ডিস ও কামিন্দু মেন্ডিস। তবে রানের জন্য সংগ্রাম করতে হয় এ দুজনকেই। ২৮ বলের জুটিতে যোগ করেন মোটে ১৮ রান।
এর পরই শুরু হয় নরকিয়ার আঘাত। শিকারে পরিণত করেন কামিন্দুকে (১১)। এ ধাক্কা সামলে ওঠার আগেই জোড়া আঘাত হানেন বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজ। এরপর ২ বলে বিদায়ঘণ্টা বাজান হাসারাঙ্গা ও সাদিরা সমারাবিক্রমাকে। দুজনই সাজঘরমুখো হন রানের খাতা খোলার আগেই। বাকি কাজটা করেন নরকিয়া। লঙ্কান ইনিংসে আটজন পাননি ২ অঙ্কের ঘরের নাগাল। সর্বোচ্চ ১৯ রানের ইনিংস খেলেন কুশল। ডাবল ফিগার পাওয়া লঙ্কান দলের বাকি দুই ব্যাটার কামিন্দু ও অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৬)। পুরো ২০ ওভার খেলতে পারেনি শ্রীলঙ্কা। ৫ বল আগেই অলআউট হয় তারা। প্রোটিয়া বোলারদের মধ্যে নরকিয়া ছাড়াও জোড়া উইকেট শিকার করেন স্পিনার কেশব মহারাজ ও পেসার ক্যাগিসো রাবাদা।
বাংলাদেশের জন্য ম্যাচটি পরোক্ষভাবে হলেও গুরুত্বপুর্ণ। কেননা ‘ডি’ গ্রুপে এ দুই দল ছাড়াও আছে বাংলাদেশ, নেপাল ও নেদারল্যান্ডস। গ্রুপ পর্ব পেরোনোর চ্যালেঞ্জে বাংলাদেশের মূল প্রতিপক্ষ মনে করা হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কাকে। ৮ জুন সকালে (৬টা ৩০ মিনিট) লঙ্কানদের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে নাজমুল হোসেন শান্তরা।