প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৭:১৮ পিএম
কেদার যাদব। সংগৃহীত ছবি
সোমবার সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কেদার যাদব। ২০২০ সালে অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে সবশেষ খেলেছিলেন ৩৯ বছর বয়সী অলরাউন্ডার। এক টুইট বার্তায় যাদব লিখেন, ‘আমার ক্যারিয়ারজুড়ে আপনাদের ভালবাসা এবং সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’
যাদব মূলত ডানহাতি মিডল অর্ডার ব্যাটার। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি একজন অফস্পিনারও ছিলেন। ভারতের হয়ে ৭৩টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ২০১৪ সালের নভেম্বরে ৫০ ওভারের ক্রিকেটে অভিষেক হয় ভারতের মহারাষ্ট্রে জন্মানো এই ক্রিকেটারের। পরের বছরের জুলাইয়ে অভিষেক হয় টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে কখনও খেলার সুযোগ পাননি তিনি।
সর্বশেষ ভারতের হয়ে ২০২০ সালের ফেব্রুয়ারিতে খেলেছিলেন ৩৯ বছর বয়সী কেদার যাদক। ক্রিকেট মাঠে তাকে সবশেষ দেখা গেছে রঞ্জি ট্রফিতে। মহারাষ্ট্রের হয়ে আট ইনিংসে ৪৭ দশমিক ৩৭ গড়ে করেছেন ৩৯৭ রান।
৫০ ওভারের ফরম্যাটে যাদব ৫২ ইনিংসে ৪২ দশমিক ০৯ গড়ে ১৩৮৯ রান করেছেন যাদব। যার মধ্যে দুটি সেঞ্চুরি এবং ছয়টি অর্ধশতক রয়েছে। ৫ এর সামান্য বেশি ইকোনমিতে ঝুলিতে পুরেছেন ২৭ উইকেট।
৮৭টি প্রথম শ্রেণী ও ১৮৬টি লিস্ট এ ম্যাচে এবং ১৬৩টি টি-টোয়েন্টিতে ক্রিকেট খেলেছেন যাদব। সবশেষ মহারাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে খেলেছেন। আট ইনিংসে ৪৭ দশমিক ৩৭ গড়ে করেছেন ৩৯৭ রান।
এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চারটি ফ্র্যাঞ্চাইজি- দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সি গায়ে জড়িয়েছেন যাদব। যেখানে মোট ৮১ ইনিংসে ২২ দশমিক ৩৭ গড়ে এবং ১২৩ দশকি ১৪ স্ট্রাইক রেটে করেছেন ১২০৮ রান। আশ্চর্যের বিষয় হলো ফ্রাঞ্চাইজি এই টুর্নামেন্টে বল হাতে একটি ডেলিভারিও করেননি যাদব।