খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৩ আগস্ট ২০২২ ১৮:১৬ পিএম
আপডেট : ০৩ আগস্ট ২০২২ ১৮:৪৫ পিএম
পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করে ইতিমধ্যে রেকর্ড গড়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার এবার নতুন এক রেকর্ডের মালিক হলেন। তবে গোল করে নয়, গালি খেয়ে। শুনতে অবাক লাগলেও প্রিমিয়ার লিগের গত মৌসুমে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ হাজারের বেশি গালি খেয়ে এই রেকর্ড গড়েছেন সাবেক রিয়াল তারকা।
প্রিমিয়ার লিগের খেলোয়াড়রা ২০২১-২২ মৌসুমের শেষ পাঁচ মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে কত গালি খেয়েছেন তার ওপর একটি জরিপ করেছে দা অ্যালান টার্নিং ইনস্টিটিউট ও অফকম (অফিস অব কমিউনিকেশন)। জরিপ অনুযায়ী আলোচ্য সময়ে ইংলিশ লিগের খেলোয়াড়রা প্রায় ৬০ হাজার গালি খেয়েছেন।
এর মধ্যে সবচেয়ে বেশি গালি খেয়েছেন বা কটুক্তির শিকার হয়েছেন ৩৭ বছর বয়সী রোনালদো। তালিকা থাকা পরের দুইজন রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডের দুই সতীর্থ- হ্যারি ম্যাগুইয়ার ও মার্কাস র্যাশফোর্ড।
জরিপকারী প্রতিষ্ঠান জানিয়েছে, নতুন এক প্রযুক্তি ব্যবহার করে এই জরিপ পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ২৩ লাখ টুইটার বার্তা বিশ্লেষণ করে ফল প্রকাশ করা হয়। এর মধ্যে ৬০ হাজার ছিল বাজে মন্তব্য।
এর মধ্যে এক রোনালদোই খেয়েছেন সাড়ে ১২ হাজার গালি। বাজে মন্তব্য হজম করার ক্ষেত্রে ৫ বারের ব্যালন ডি অর জয়ী তারকার কাছাকাছি আর কেউ নেই।
গালি খাওয়ার তালিকায় রোলানদোর পরেই রয়েছেন ম্যাগুইয়ার। তিনি হজম করেছেন ৮ হাজার ৯০০ গালি। ২ হাজার ৫৫৭ গালি খেয়ে তিন নম্বরে রয়েছেন ইংলিশ তারকা র্যাশফোর্ড।
সবচেয়ে বেশি বাজে মন্তব্যের শিকার হওয়া ১০ ফুটবলারের ৮ জনই ম্যানচেস্টার ইউনাইটেডের বলে জরিপে উঠে এসেছে।
প্রবা/আরএম/এমজে