টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৪ ১২:৪৫ পিএম
আপডেট : ০২ জুন ২০২৪ ১৩:০৪ পিএম
দিনক্ষণ গোনার সময় শেষ। আটলান্টিক পাড়ে ক্রিকেট-ঝড়ের আবহ। ট্রফি সামনে রেখে ২০ দলের লড়াই। যার শুরুটা দুই স্বাগতিক দেশের। কুড়ি কুড়ির ক্রিকেটে যাদের নাম প্রবলভাবে উচ্চারিত, সেই ওয়েস্ট ইন্ডিজের আক্ষেপ কিংবা সেরা হওয়ার মিশনও শুরু। গায়নায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠান শেষে নবাগত পাপুয়া নিউগিনির বিপক্ষে নামবে ক্যারিবিয়ানরা। রাত ৮.৩০ মিনিটের ম্যাচটি দেখাবে আইসিসির সম্প্রচার স্বত্ব কেনা স্টার স্পোর্টস।
ধারেভারে অথবা শক্তি-সামর্থ্যের বিচারে রোভম্যান পাওয়েলদের আশপাশেও নেই পাপুয়া নিউগিনি। তবুও বিশ্বকাপ খেলার রোমাঞ্চ এবং দিনের খেলা টি-টোয়েন্টিতে আশা দেখছে পিএনজি। অন্যদিকে প্রথা ভাঙতে চায় ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ এখন পর্যন্ত ৬ দল পেলেও স্বাগতিক হিসেবে কেউ পায়নি। সেই অপূর্ণতা এবার ঘোচানোর লক্ষ্যে ক্যারিবিয়ানরা। যে পথে কাউকে ছাড় দিতে চায় না স্বাগতিক দল। বিশ্বকাপ তো বটে, ক্রিকেটের যেকোনো ফরম্যাটে প্রথমবার দেখা হওয়া আসাদ ভালাদের বিপক্ষেও সেরাটা নিয়ে নামতে চান পাওয়েল-পুরানরা।
ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন সামি আছেন বহুদূরের চিন্তায়। সাবেক বিশ্বকাপজয়ী নিজেদের সরাসরি ফেভারিট না বললেও দারুণ কিছু দেখানোর কথাই বলেছেন, ‘গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে যা করেছি, যে খেলোয়াড়দের পেয়েছি, তা এই মুহূর্তটা দিয়েছে। এবার আমি মনে করি, বিশ্বকে চমক দেখাতে পারব।’
পাপুয়া নিউগিনি পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে। এই অঞ্চল থেকে একটি দলই বিশ্বকাপের ছাড়পত্র পায়। পিএনজি যা নিশ্চিত করে এক ম্যাচ হাতে রেখেই। পরে শতভাগ জয়ে বাছাই শেষ করে দলটি। অবশ্য এ অঞ্চলের বাছাইয়ে অংশ নেওয়া ৭ দলের মধ্যে ক্রিকেটে প্রতিষ্ঠিত বা পরিচিত শক্তি কেউ ছিল না। পিএনজিই ছিল ফেভারিট। টি-টোয়েন্টি বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয়বার অংশগ্রহণ করছে দলটি। নিজেদের প্রথম আসরে ২০২১ সালে একটি ম্যাচেও জয়ের স্বাদ পায়নি তারা। সবশেষ বিশ্বকাপ তথা ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ পেয়েছিল ভুলে যাওয়ার মতো কিছু। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার লক্ষ্যে বুদ ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ, ওয়ার্ম আপ ম্যাচÑ সব জায়গাতেই দাপট দেখিয়েছে দলটি। প্রস্তুতি হিসেবে খেলা প্রোটিয়াদের তারা স্রেফ গুঁড়িয়ে দিয়েছে। পাওয়েলের দলটি দেখিয়েছে তারা ঝড় তুলতে আসছে। নিজেদের এবার প্রমাণের উপলক্ষ শুরু এবার।
গত কয়েক বছরে যত না পাওয়া সব সুদে-আসলে মেটানোর প্রত্যয় ক্যারিবিয়ানদের। ক্রিকেট বিশ্লেষকদের মতে, অন্তত সেমিফাইনাল খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সাবেক কিংবদন্তি মাইকেল ভন, ব্রায়ান লারা, মোহাম্মদ হাফিজদের মতে, রোভম্যান পাওয়েলদের এবার বিশ্বকাপে ভালো ফল করার সম্ভাবনা খুব বেশি। তারা টেনেছে দুটি বিষয়Ñ প্রথমত, নিজেদের ঘরের মাঠ এবং তাদের সাম্প্রতিক পারফরম্যান্স। সব মিলিয়ে যেন দুবারের চ্যাম্পিয়নরা মুখিয়ে রয়েছে মাঠের লড়াইয়ের জন্য। শক্তি-সামর্থ্যে দলটি বিশ্বকাপের বাকি ১৯ দলের যে কাউকে টক্কর দিতে পারবে অনায়াসে। কাঙ্ক্ষিত শিরোপার দৌড়ে ২০ দলের মাঝে স্বভাবতই তাই অন্যতম ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টের সর্বোচ্চ দুবারের চ্যাম্পিয়নরা কি পারবে হারানো মুকুট পুনরুদ্ধার করতে? ভবিষ্যদ্বাণী দেওয়া মুশকিল। তবে কাপটা ঘরে রেখে দেওয়া ভয়ডরহীন ক্রিকেট খেলা ক্যারিবিয়ানদের কাছে অসম্ভব কিছুও নয়।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্টের ৫৫ ম্যাচের ৩৯টি আয়োজন করবে। মার্কিন ডেরায় বাকি সব ম্যাচ গ্রুপ পর্বের। স্বাভাবিকভাবেই ক্যারিবীয়রা তাদের গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলবে দেশের মাটিতে। অর্থাৎ গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে বাকি সব ম্যাচ নিজেদের মাঠে খেলার সুযোগ পাবে পাওয়েলরা। কুড়ি কুড়ির বিশ্বকাপে ‘সি’ গ্রুপে স্বাগতিকদের প্রতিপক্ষ আজকের পাপুয়া নিউগিনি বাদেও আছে নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উগান্ডা। এই গ্রুপ থেকে দুটি দল আসবে শেষ আটে। রান রেটের সমীকরণও শেষের পরিসংখ্যানে মূল্যবান হতে পারে। বরাবরের মতো আইসিসির আসরে সেরা কিউইদের পাশাপাশি থাকছে হালের টি-টোয়েন্টিতে দাপট দেখানো আফগানিস্তান। তা ছাড়া নবাগত দুই দল উগান্ডা এবং পিএনজিও পরীক্ষা নেবে ক্যারিবীয়দের। যার শুরুতে মিরাকল ঘটাতে পারদর্শী পাপুয়া নিউগিনি। বিশ্বকাপের ট্রফির স্বপ্ন দেখা পাওয়েলদের সামনে আজ পিএনজি কতটুকু বাধা হয়ে দাঁড়তে পারে, সেটিই এখন দেখার বিষয়।