প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৪ ১৮:৪৫ পিএম
২০২০ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছিল
বাংলাদেশ। যা দেশের ক্রিকেটে তো বটেই, ক্রীড়াঙ্গনেও একমাত্র বিশ্বকাপ। সেই দলের প্রধান
কোচ ছিলেন নাভিদ নেওয়াজ। কিন্তু পরের আসরে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের পর দায়িত্ব থেকে
অব্যাহতি নিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কান এই কোচ নতুন করে আবারও বাংলাদেশ যুব দলের দায়িত্ব
পেয়েছেন।
আজ শনিবার (১ জুন) এক বিবৃতিতে নাভিদ
নেওয়াজকে যুব দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট
বোর্ড (বিসিবি)। মূলত দুই বছরের চুক্তিতে এবার বাংলাদেশে আসছেন তিনি। যা আগামী মাসে
শুরু হয়ে চুক্তি শেষ হবে ২০২৬ সালে। যুবাদের পাশাপাশি বয়সভিত্তিক দলের ব্যাটিং পরামর্শক
হিসেবেও কাজ করবেন ৫০ বছর বয়সি এই কোচ।
নাভিদ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে একটি
টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। আছে ১৩১টি প্রথম শ্রেণির ম্যাচ ও ৯৭টি লিস্ট 'এ'
ম্যাচ খেলার অভিজ্ঞতা। ২০০৫ সালে খেলোয়াড়ি জীবন ছাড়ার পর পুরোপুরি কোচ হিসেবে কাজ শুরু
করেন নেওয়াজ। শ্রীলঙ্কার ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ক্লাবের পাশাপাশি শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯
দল, মেয়েদের জাতীয় দলসহ নানা দলে কোচিং করিয়েছেন। এরপর ২০১৮ সালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯
দলের দায়িত্ব নেন তিনি।
তার কোচিংয়ে ২০১৯ যুব এশিয়া কাপে রানার্স
আপ হয় বাংলাদেশ। পরের বছর গড়ে ইতিহাস। দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপে প্রথমবারের মতো
জিতে নেয় শিরোপা। কিন্তু পরের আসরে দল ভালো করতে না পারায় তার সাথে চুক্তি নবায়ন করেনি
বিসিবি। এরপর থেকে এখন অব্দি শ্রীলঙ্কা জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করছেন।
সর্বশেষ স্টুয়ার্ট ল এর অধীনে একটি
বিশ্বকাপ ও এশিয়া কাপ খেলে যুবারা। এশিয়া কাপে প্রথমবার চ্যাম্পিয়ন হলেও ভরাডুবি হয়েছিল
বিশ্বকাপে। নাভিদের সাথে বিসিবির এবারের চুক্তি বড় কোনো সাফল্য এনে দেয় কিনা, তা-ই
এখন দেখার বিষয়।