প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৪ ০৯:৫৮ এএম
আপডেট : ৩১ মে ২০২৪ ১১:০০ এএম
ধর্ষণ মামলায় জেলে ছিলেন। সেখান থেকে মিলেছে মুক্তি। তবু সন্দীপ লামিচানের বিশ্বকাপের টিকিট পেতে পোড়াতে হচ্ছে কাঠখড়। ভিসা জটিলতায় পড়েছেন নেপালের সাবেক এই অধিনায়ক।
আদালতের চূড়ান্ত রায়ের পর যুক্তরাষ্ট্রের ভিসা পেতে আবেদন করেছিলেন লামিচানে। দলের বাকিরা ভিসা পেলেও তারকা স্পিনারকে ভিসা দিতে অস্বীকৃতি জানায় যুক্তরাষ্ট্র। এরপর তার ভিসার জন্য তদবির করে নেপাল ক্রিকেট। তাতেও কাজ হয়নি। ফলে নবম বিশ্বকাপে লামিচানের দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
গত ২২ মে সমাজমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লামিচানে জানিয়েছিলেন, বিশ্বকাপের জন্য ভিসা চাইলেও যুক্তরাষ্ট্র নাকচ করে দিয়েছে। এ সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক উল্লেখ করেছেন তিনি।
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপালের কেন্দ্রীয় কমিটির সদস্য চুম্বি লামা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘লামিচানের বিশ্বকাপে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম। নেপাল সরকারের বিভিন্ন এজেন্সির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল তদবির করেছে। তবে ভিসা নাকচ করা হয়েছে।’
২০২২ সালে এক কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত হওয়ার পর গত জানুয়ারিতে ওই মামলায় লামিচানেকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। আপিল করার পর ১৫ মে উচ্চ আদালতের রায়ে খালাস পান লামিচানে। তাই তার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে বাধা নেই।