টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মে ২০২৪ ২১:২০ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২২:০৩ পিএম
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাস গড়তে যাচ্ছে। ক্রিকেটের বিশ্বায়নের লক্ষ্যে প্রথমবারের মতো মারকাটারি এই আসরে খেলবে ২০ দল। দল বাড়ায় এবার বিশ্বকাপের ফরম্যাটেও এসেছে পরিবর্তন। যেখানে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে রিজার্ভ ডের বিষয়টি। কারণ শুধু প্রথম সেমিফাইনাল ও ফাইনালে রাখা হয়েছে রিজার্ভ ডে। কিন্তু দ্বিতীয় সেমিতে রাখা হয়নি কোনো অতিরিক্ত দিন।
বিশ্বকাপে যেকোনো ম্যাচের ক্ষেত্রেই টাই হলে সুপার ওভার খেলা হবে। তাতেও নিষ্পত্তি না হলে আর একটি সুপার ওভার খেলা হবে। তবে গ্রুপপর্ব বা সুপার-এইটের কোনো ম্যাচ বৃষ্টি বা অনাকাঙ্ক্ষিত কারণে নির্দিষ্ট সময়ে শুরু করা না গেলে, ফলের জন্য প্রতিটি দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হবে।
নক-আউট ম্যাচের ক্ষেত্রে যা করা হয়েছে অন্তত ১০ ওভার। সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে বৃষ্টি হলে অতিরিক্ত ১৯০ মিনিট অপেক্ষা করা হবে। তার মধ্যে ম্যাচ শুরু করা গেলে পুরো ২০ ওভারই খেলা হবে। আর সেটিও প্রথম সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয় সেমিফাইনালে নেই।
বিশ্বমঞ্চে প্রতিটি গ্রুপে দল থাকছে পাঁচটি করে। চার গ্রুপের সেরা দুই দল কোয়ালিফাই করবে সুপার-এইটে। তাদের আবার দুটি গ্রুপে ভাগ হবে। সেই গ্রুপের প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। সেখানেও প্রথম দুটি দল সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। সেমিফাইনালে জয়ী দুই দল খেলবে ফাইনালে।