প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মে ২০২৪ ১৩:১১ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪ ২২:২৯ পিএম
তানজিম হাসান সাকিব
আগ্রাসী বোলিং নিয়ে ভারতের মাটিতে ২০২৩ সালে হওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধি হয়ে ছিলেন তানজিম হাসান সাকিব। এবার লাল-সবুজের জার্সি গায়ে গেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। তার মানে আরও একটি স্বপ্ন পূরণ হতে যাচ্ছে তরুণ এ পেসারের। তানজিম সাকিবের কণ্ঠে ঝরল সেই স্বপ্নপূরণের গল্প, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার। বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
বিসিবির দেওয়া ভিডিও বার্তায় আজ সাক্ষাৎকার দিয়েছেন তানজিম সাকিব। এবারের বৈশ্বিক আসরে তার লক্ষ্য মাঠের লড়াইয়ে প্রতাপ দেখানো, ‘এটা শুরু থেকেই ছিল। আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনও আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এ পর্যায়ে আধিপত্য দেখানো।’
টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রয়েছে বাংলাদেশের। এ নিয়ে তানজিম সাকিব বলেন, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী। আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশাল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর দক্ষতা রাখি।’