প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২২:৫১ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ২২:৫২ পিএম
হ্যান্সি ফ্লিক
গুঞ্জন ডালপালা মেলেছিল গণমাধ্যমের আকাশে। বার্সেলোনার কোচ হতে যাচ্ছেন হ্যান্সি ফ্লিক। কিছু দিন ধরেই উড়ে বেড়াচ্ছিল খবরটি। সেই উড়ো খবরই এবার আলোর মুখ দেখল। বার্সার দায়িত্ব নিলেন বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিক। কাতালানদের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করলেন জার্মানির সাবেক এ কোচ। বার্সা লিজেন্ড জাভি হার্নান্দেজকে সরিয়ে দেওয়ার পর থেকেই প্রধান কোচের পদটি খালি পড়ে ছিল। বরখাস্ত হওয়া সেই জাভির স্থলাভিষিক্ত হলেন ৫৯ বছরের ফ্লিক।
আজ বুধবার এক বিবৃতিতে কোচ হিসেবে ফ্লিকের নিয়োগের খবর নিশ্চিত করেছে বার্সেলোনা। স্প্যানিশ জায়ান্ট ক্লাবটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোচ হ্যান্সি ফ্লিকের সঙ্গে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত চুক্তি করেছে বার্সেলোনা। ক্লাবটির নতুন ফুটবল গুরু হিসেবে ফ্লিক চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা, সহসভাপতি রায়া যুস্তে ও স্পোর্টস ডিরেক্টর ডেকোর সামনে।
বার্সার কোচ হতে যারপরনাই খুশি কোচ ফ্লিক, ‘মহান এই ক্লাবের কোচ হতে পারা আমার জন্য অনেক সম্মানের। তার (সভাপতি লাপোর্তা) দর্শনও আমার সঙ্গে মিল রয়েছে, খেলায় আধিপত্য কিংবা আক্রমণাত্মক মনোভাবের দিক থেকেও। বার্সার হয়ে নতুন এই যাত্রা শুরু করতে পেরে আমি খুশি।’
ফ্লিক সবশেষ কোচ হিসেবে কাজ করেন জার্মানি জাতীয় দলে। দলের বাজে পারফরম্যান্সের কারণে ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর বরখাস্ত হন। এরপর থেকে হাতে কোনো কাজ না থাকায় এক রকম বসেই ছিলেন। অনেক জায়গায় আলোচনা হলেও নতুন কোনো চাকরি নেননি এ জার্মান নাগরিক।
গত জানুয়ারিতে জাভি ঘোষণা দিয়েছিলেন, মৌসুম শেষে বার্সেলোনার চাকরি ছেড়ে দেবেন। তখন থেকেই বার্সার কোচ হওয়ার লড়াইয়ের আলোচনায় চলে আসে ফ্লিকের নাম। জাভি অবশ্য মৌসুমের শেষদিকে সিদ্ধান্ত বদলে থেকে যেতে রাজি হয়েছিলেন ন্যু ক্যাম্প শিবিরে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ক্লাবের পরিচালকদের চাপে জাভিকে ছাঁটাই করে বার্সা কর্তৃপক্ষ।
ফ্লিকের কোচিং ক্যারিয়ারের শুরু ১৯৯৬ সালে, জার্মানির নিচু সারির দল এফসি ভিক্টোরিয়া বামেন্টাল দিয়ে। পরে হোফেনহেইম, বায়ার্ন মিউনিখ ও জার্মানির জাতীয় দলের হয়ে কাজ করে এবার পা রাখলেন বার্সেলোনায়। ২০১৯ সালে বাভারিয়ানদের সহকারী কোচের দায়িত্ব পান ফ্লিক। এক মাস না যেতেই আপৎকালীন কোচের দায়িত্ব কাঁধে তুলে নেন।
ফ্লিকের অধীনে ওই বছর বায়ার্ন ট্রেবল জেতে। কোয়ার্টার ফাইনালে বার্সেলোনাকে ৮-২ গোলে হারানোর পর চ্যাম্পিয়নস লিগ ট্রফিও জিতেছিল বাভারিয়ানরা। সেই ফ্লিক এবার ঘাঁটি গাড়লেন বার্সায়। বায়ার্নের অসাধারণ এ সাফল্যের পুরস্কার হিসেবে উয়েফার বর্ষসেরা কোচ নির্বাচিত হন। সেই পথ ধরেই জার্মানি জাতীয় দলের কোচের চাকরি বাগিয়ে নিয়েছিলেন ফ্লিক।
ক্লাব কোচিংয়ে দারুণ সাফল্য পেলেও জাতীয় দলে দায়িত্ব নিয়েই নিষ্প্রভ হয়ে পড়েন। তার কোচিংয়ে ১৭ ম্যাচ খেলে জার্মানি জেতে মাত্র ৪ ম্যাচ। ২০২২ সালে ভরাডুবির বিশ্বকাপে তো জার্মানরা ছিটকে যায় গ্রুপ পর্ব থেকেই। শেষে গত সেপ্টেম্বরে ফ্লিককে বরখাস্ত করে জার্মান ফুটবল ফেডারেশন। দীর্ঘ ৯ মাসের বিরতি শেষে ফ্লিক ফের ক্লাব ফুটবলের আঙিনায় পা রাখলেন। কাটলেন বার্সার ডাগআউটের টিকিট।