ফরাসি ওপেন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২২:২৩ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ২২:২৯ পিএম
নোভাক জোকোভিচ
কোর্টে নেমেই দুর্দান্ত শুরু করলেন নোভাক জোকোভিচ। হাতের র্যাকেটকে খোলা তলোয়ার বানিয়ে প্রতিপক্ষ পিয়েরে-হিউজেস হারবার্টের সব শট করলেন কচুকাটা। তাতেই মিলল সরাসরি সেটের অনায়াস জয়। মঙ্গলবার রাতের ম্যাচে ফরাসি প্রতিপক্ষকে যেন পাত্তাই দিলেন না নাম্বার ওয়ান জোকোভিচ।
২ ঘণ্টা ৩১ মিনিটের ম্যাচে ৬-৪, ৭-৬ (৭-৩) ও ৬-৩ গেমে জিতে ফরাসি ওপেনের দ্বিতীয় রাউন্ডে নাম লিখেছেন এ সার্বিয়ান সুপারস্টার। পরের রাউন্ডে স্প্যানিশ খেলোয়াড় রবার্তো কার্বালেস বায়েনার মুখোমুখি হবেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামের মালিক।
প্রথম রাউন্ডের বৈতরণী জোকোভিচ পেরিয়ে গেছেন হেসেখেলেই। পুরো ম্যাচে ঘাম ঝরিয়েও সাফল্যের মুখ দেখেননি তার ফরাসি প্রতিপক্ষ। স্বাগতিক খেলোয়াড় হওয়ার সুবাদে কোর্টে দর্শকদের সমর্থন পেয়েছেন হারবার্টই বেশি। কিন্তু ২২ মে ৩৭-এ পা রাখা জোকোভিচকে দমাতে পারেননি একচুলও।
তবে দ্বিতীয় সেটে খানিকটা লড়াই জমিয়ে তুলেছিলেন। দুর্দান্ত প্রতিরোধ গড়ে মাঝের সেটটি টাই করে ৭-৬ গেমে। কিন্তু টাইব্রেকারে আর পেরে ওঠেননি হারবার্ট। ৭-৩ গেমে জিতে ঠোঁটে হাসি ধরে রাখেন জোকোভিচ। বাকি দুই সেট তো রীতিমতো উড়িয়ে দিয়েছেন ৩৩ বছরের হারবার্টকে।
ম্যাচ জিতে দারুণ খুশি জোকোভিচ। ম্যাচের পর বলেন, ‘যে মুহূর্তে মনে হয়েছে আমার ভালো খেলা দরকার, তখনই সেটা করেছি। টাইব্রেকে ভালো খেলেছি। মনঃসংযোগ ধরে রেখেছি। যেভাবে প্রতিযোগিতা শুরু করলাম, তা খুব খুশি। গত কয়েকটা সপ্তাহ আমার ভালো কাটেনি। আশা করছি ধীরে ধীরে নিজের খেলায় উন্নতি করব। সঠিক পথেই এগোচ্ছি।’
জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভের কাছে প্রথম সেটে হেরে লাল দুর্গ থেকে বিদায় নিয়েছেন রাফায়েল নাদাল। ক্লে-কোর্টের স্প্যানিশ রাজার ৩-৬, ৬-৭ (৫-৭) ও ৩-৬ গেমে হার মানা প্রথম রাউন্ডের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেছেন জোকোভিচ।
নাদালের ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচ নিয়ে জোকোভিচ বলেন, ‘ডেভিস কাপ ছাড়া জানি না কবে কোনো টেনিস ম্যাচ কোর্টে বসে দেখেছি। কিন্তু নাদালের ম্যাচে থাকতেই হতো। ইগা শিয়নটেক ছিল। কার্লোস আলকারাস ছিল। অসাধারণ একটা মুহূর্ত কাটিয়েছি। হয়তো এটাই শেষ ম্যাচ হতে পারে। তবে এখন কিছুই বলা যাচ্ছে না।’