প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২১:২৬ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ২১:৪৬ পিএম
ফ্র্যাঞ্চাইজি
ক্রিকেটের সবচেয়ে বড় আসর আইপিএল। মারকাটারি এই টুর্নামেন্ট মানেই অর্থের ঝনঝনানি। আইপিএল
খেললেই মেলে তারকাখ্যাতি, রাতারাতি বানিয়ে দেয় কোটিপতি। আবার অনেকেই অর্থের ভারে
দলকে অথই সাগরে ভাসান। এই যেমন ধরুন গ্লেন ম্যাক্সওয়েলের কথাই। ভারতে গত ওয়ানডে বিশ্বকাপে
অস্ট্রেলিয়াকে রেকর্ড পঞ্চম শিরোপা জেতাতে রাখেন বড় অবদান। কিন্তু এই অজি তারকা সদ্যসমাপ্ত আইপিএলে ছিলেন পুরোই ফ্লপ। এতটাই ব্যর্থ ছিলেন যে এই অলরাউন্ডারের প্রতি রানের
মূল্য দাঁড়িয়েছে ২১ লাখ রুপিতে!
এবারের আইপিএলের
প্রথম ৮ ম্যাচে মাত্র একটিতে জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পরে টানা ছয়
ম্যাচ জিতে প্লে-অফের টিকিট পেয়েছিলেন বিরাট কোহলি-ফাফ ডু প্লেসিরা। কিন্তু ম্যাক্সওয়েলের
ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতা দলকে ভালোভাবেই ভুগিয়েছে। এলিমিনেটরে বিদায় নিয়েছে রাজস্থান
রয়ালসের কাছে হেরে। বেঙ্গালুরুর হয়ে ৯ ইনিংসে ম্যাক্সি ব্যাট হাতে করেছেন ৫২ রান। গড়
আরও ভয়াবহ, মাত্র ৫.৭৭। এর মধ্যে আবার এক ইনিংসেই খেলেন ২৮ রানের ইনিংস।
অথচ ম্যাক্সওয়েলকে ১১ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল আরসিবি। এই হিসাবে তার প্রতিটি রানের জন্য বেঙ্গালুরুর খরচ হয়েছে ২১.১৫ লাখ রুপি। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেবদূত পাডিক্কাল লখনৌতে ৭.৭৫ কোটিতে গেলেও সাত ম্যাচে করেছেন মাত্র ৩৮ রান। তার প্রতিটি রানের মূল্য ২০.৩৯ লাখ রুপি।
কলকাতার নিতিশ রানা এই তালিকায় তৃতীয়। তবে তাতে তার দায় সামান্যই। চোটের কারণে বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি। ৮ কোটি রুপির নিতিশ ম্যাচ খেলেছেন দুটি, রান করেছেন ৩৩। অর্থাৎ তার প্রতিটি রানের মূল্য ১৯ লাখ রুপি।
ভারতীয় ক্রিকেটার শুভাম দুবেকে কিনতে ৫ কোটি ৮০ লাখ রুপি খরচ করেছিল রাজস্থান রয়্যালস। তবে তাকে কাজে লাগাতে পারেনি রাজস্থান। দুবে মাত্র ৩ ইনিংস ব্যাটিং করে রান করতে পেরেছেন ৩৩। সেই হিসাবে তার প্রতিটি রানের মূল্য ১৭.৫৭ লাখ রুপি।
এ ছাড়া চেন্নাই সুপার কিংস এবার ৮ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল সামির রিজভিকে। তবে নিজের খেলা প্রথম মৌসুমে সেই অর্থে তেমন কিছুই করতে পারেননি রিজভি। ৫ ইনিংস ব্যাটিং করে রান করেছিলেন মাত্র ৫১। অর্থাৎ তার কাছ থেকে প্রতি ১ রানের জন্য ফ্র্যাঞ্চাইজিকে গুনতে হয়েছে ১৬.৪৭ লাখ রুপি করে।