প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ মে ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪ ২১:২০ পিএম
গ্লোব সকার অ্যাওয়ার্ডসে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন ইংলিশ তারকা হ্যারি কেইন। আর সেরা ক্লাবের পুরস্কার জিতেছে ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
মঙ্গলবার (২৮ মে) রাতে জমকালো অনুষ্ঠানে মৌসুমের সেরা খেলোয়াড়, দল, কোচ ও সেরা উদীয়মান খেলোয়াড়দের পুরস্কৃত করে গ্লোব সকার অ্যাওয়ার্ডস। প্রতিষ্ঠানটির বিগত ভেন্যু ছিল দুবাইয়ে। এবারই প্রথম অনুষ্ঠিত হলো ইউরোপে, ইতালির সার্দিনিয়া দ্বীপে। এই অনুষ্ঠানকে এবার নাম দেওয়া হয়েছে গ্লোব সকার অ্যাওয়ার্ড, ইউরোপ এডিশন।
গ্লোবের সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন লামিন ইয়ামাল। সদ্য শেষ হওয়া মৌসুমে বার্সেলোনার ৫০ ম্যাচ খেলেছেন ইয়ামাল। বেশিরভাগ ম্যাচেই তাকে খেলানো হয়েছে অল্প সময়। মৌসুমে ৭ গোলের পাশাপাশি করেছেন ১০ অ্যাসিস্ট। মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছেন তারকা হ্যারি কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ৪৪ গোল করেছেন বায়ার্ন মিউনিখের এই ইংলিশ তারকা। জাবি আলোনসো নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ। রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকার জাদুর ছোঁয়ায় সর্বশেষ মৌসুমে অপ্রতিরোধ্য ছিল বেয়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের ১১ বছরের রাজত্ব গুঁড়িয়ে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপা জেতে ক্লাবটি।