× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামদাল্লাহর রেকর্ড ভেঙে সৌদিতে রোনালদোর ইতিহাস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মে ২০২৪ ২২:০৩ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদো মাঠে নেমেছেন। আর রেকর্ডের হাতছানি থাকবে না, তা কী করে হয়? সোমবার রাতেও তার ব্যত্যয় ঘটল না। পর্তুগিজ সুপারস্টার মাঠে দাপিয়ে বেড়ালেন। মাঠের লড়াইয়ে দ্যুতি ছড়িয়ে আদায় করে নিলেন জোড়া গোল। বনে গেলেন সৌদি প্রো লিগের সর্বোচ্চ গোলদাতা।

আর এই কীর্তি গড়ার জন্য পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর দরকার ছিল দুটি গোলই। ১৯৯৯-২০০০ মৌসুমে সৌদি স্ট্রাইকার আল ইত্তিহাদের হামজাহ ইদ্রিসের করা ৩৩ গোলের মাইলফলক ছুঁয়ে সিআর সেভেন বসে ছিলেন নিজের ক্লাবের আবদেররাজ্জাক হামদাল্লাহর পেছনে।

আল নাসরের এ তারকা ৩৪ গোলের রেকর্ড গড়েছিলেন ২০১৮-১৯ মৌসুমে। মরক্কোর এ স্ট্রাইকার রেকর্ড গড়েছিলেন ২৬ ম্যাচে। নিজের ক্লাবের সাবেক ফুটবলারের এ রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন রোনালদো। ৩৫ গোল করে সৌদি প্রো লিগে নতুন ইতিহাস গড়লেন এ ফুটবল মহাতারকা। তবে এ জন্য রোনালদো খেললেন ৩১ ম্যাচ। 

২০২৩ সালের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হয়ে ইউরোপ ছেড়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানো রোনালদো সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে আল নাসরের জার্সিতে ৬৯ ম্যাচে পেলেন ৬৪ গোলের দেখা। তবে বিদায়ি মৌসুমে সব ধরনের টুর্নামেন্ট মিলিয়ে ৪৪ ম্যাচে রোনালদো পেয়েছেন ৪৪ গোল।

রিয়াদে সোমবার রাতে প্রথমার্ধের ইনজুরি টাইমে (৫৪+৩) হামদাল্লাহর রেকর্ড ছুঁয়ে ফেলেন আল নাসরের তারকা ফরোয়ার্ড রোনালদো। বিরতির পর ম্যাচের বয়স ৬৯ মিনিট হতেই রোনালদো রেকর্ডটি নিজের সম্পত্তি বানিয়ে ফেলেন চোখ ধাঁধানো এক হেডে প্রতিপক্ষের জাল কাঁপিয়ে।

রেকর্ড ভাঙা যে রোনালদোর কাছে মুড়ি-মুড়কির ব্যাপার। মাথায় রেকর্ডের বিষয় না থাকলেও রেকর্ড যেন তার পিছু ছাড়ে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা তার অনুভূতিই বলছে সে কথা। রোনালদো লিখেন, ‘আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে।’

রোনালদো গোলের রেকর্ডও গড়লেন ঠিক। কিন্তু তার ক্লাব আল নাসর কিন্তু লিগ শিরোপা জিততে পারেনি। তাদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে নেইমারের আল হিলাল। ৩৪ ম্যাচ শেষে অজেয় থেকে নেইমারের দল লিগ শেষ করেছে ৯৬ পয়েন্ট নিয়ে। আল নাসর লিগ শেষ করেছে পয়েন্ট তালিকার দুইয়ে থেকে। সমান ম্যাচে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট।

রোনালদোদের শিরোপা জয়ের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। সৌদি কিং কাপের ফাইনালে টিকিট কেটেছে তারা। আগামী শুক্রবার রাতে টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে আল নাসর লড়বে আল হিলালের বিরুদ্ধে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা